আগরতলা, ২৪ নভেম্বর : পুর ও নগর নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। এবার নির্বাচনী প্রচারে গিয়ে বাধা ও হেনস্তার মুখে পড়লেন বড়জলা বিধানসভা কেন্দ্রের বাম বিধায়ক সুদীপ সরকার এবং সিপিআই রাজ্য সম্পাদক মিলন বৈদ্য। শুধু প্রচারে বাধা দেওয়াই নয়, তাঁদের উদ্দেশে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে জনৈক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে আগরতলা পুর নিগমের ৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বড়জলার মনিপুরী পাড়া এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার বিবরণে জানা যায়, পুর নিগম নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার সকালে ৩ নম্বর ওয়ার্ডের বাম প্রার্থীর সমর্থনে মনিপুরী পাড়া এলাকায় বাড়ি বাড়ি প্রচারে বের হন বড়জলার বাম বিধায়ক সুদীপ সরকার। তাঁর সঙ্গে ছিলেন সিপিআই রাজ্য সম্পাদক মিলন বৈদ্য এবং দলীয় কর্মী-সমর্থকরা। প্রচার চলাকালীন আচমকাই এক যুবক তাঁদের সামনে এসে উপস্থিত হয়। অভিযোগ, ওই যুবক প্রথম থেকেই তাঁদের উদ্দেশে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে বিধায়ক সুদীপ সরকার ও সিপিআই রাজ্য সম্পাদক মিলন বৈদ্যকে আক্রমণের চেষ্টা করে এবং তাঁদের মেরে ফেলার হুমকিও দেয়।
এই ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই প্রচার কর্মসূচিতে উত্তেজনা সৃষ্টি হয়। তবে পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই স্থানীয় কয়েকজন শুভবুদ্ধিসম্পন্ন মানুষ এগিয়ে এসে যুবকটিকে প্রতিহত করেন। তাঁদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঘটনা প্রসঙ্গে বিধায়ক সুদীপ সরকার জানান, মনিপুরী পাড়া এলাকায় গেলেই ওই যুবক বিভিন্ন সময় তাঁকে নানা কাজে বাধা দেয়। এমনকি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজেও বিঘ্ন ঘটানোর চেষ্টা করে বলে তাঁর অভিযোগ। বিধায়কের দাবি, এলাকার কিছু দুষ্কৃতী পরিকল্পিতভাবে ওই যুবককে তাঁদের পিছনে লেলিয়ে দেয়। মঙ্গলবার নির্বাচনী প্রচারে যাওয়ার পরও একইভাবে তাঁকে এবং সিপিআই রাজ্য সম্পাদককে হেনস্তার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুদীপ সরকার বলেন, নির্বাচনী প্রচারের গণতান্ত্রিক অধিকার রয়েছে প্রত্যেক রাজনৈতিক দলের। সেখানে এভাবে বাধা সৃষ্টি করা এবং জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃত্বকে প্রাণনাশের হুমকি দেওয়া অত্যন্ত নিন্দনীয়।
আসন্ন পুর নির্বাচনকে কেন্দ্র করে যখন বিভিন্ন রাজনৈতিক দল জোরকদমে প্রচারে নেমেছে, তখন নির্বাচনী প্রচারের ময়দানে এমন ঘটনা নতুন করে নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। বিশেষ করে একজন বিধায়ক এবং একটি রাজনৈতিক দলের রাজ্য সম্পাদককে প্রকাশ্যে প্রচার চলাকালীন হুমকির অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলেও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বড়জলার মনিপুরী পাড়া এলাকার এই ঘটনায় নির্বাচনী প্রচারের পরিবেশ কতটা নিরাপদ, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

