আগরতলা, ২২ মে : পেট্রোল ও ডিজেলের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার সাইকেলে চড়ে নিজের বিধানসভা এলাকায় পরিক্রমা করলেন ৯ বনমালীপুর কেন্দ্রের কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়। শুক্রবার সকালে তাঁকে সাইকেলে করে বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে দেখা যায়। এদিন তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের উপর জ্বালানি কর প্রত্যাহারের দাবিও জোরালোভাবে তোলেন।
জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিধায়ক বলেন, পেট্রোল ও ডিজেলের উপর অতিরিক্ত করের বোঝা সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী নরেদ্র মোদী ক্ষমতায় আসার সময় দেশে পেট্রোলের দাম ছিল প্রায় ৬০ টাকা এবং ডিজেলের দাম ছিল ৫০ টাকার কিছু বেশি। বর্তমানে পেট্রোলের দাম সেঞ্চুরি পার করেছে এবং ডিজেলের দামও শতকের কাছাকাছি পৌঁছে গেছে। এর সরাসরি প্রভাব পড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোপাল রায় জানান, সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব -র আহ্বানে তিনি অনেক আগেই ব্যক্তিগত গাড়ির ব্যবহার বন্ধ করেছিলেন। এতদিন তিনি ইলেকট্রিক অটো ব্যবহার করে নিজের বিধানসভা এলাকায় যাতায়াত করতেন। তবে জ্বালানির মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আরও জোরালো বার্তা দিতেই এবার তিন চাকার বাহন ছেড়ে সাইকেল ব্যবহার শুরু করেছেন বলে জানান তিনি।
বিধায়কের দাবি, পেট্রোল ও ডিজেলের বিক্রয় মূল্যের উপর থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের আরোপিত প্রায় ২০ শতাংশ করে কর তুলে নেওয়া হলে লিটার প্রতি জ্বালানির দাম অন্তত ৪০ টাকা পর্যন্ত কমানো সম্ভব। সাধারণ মানুষের স্বার্থেই অবিলম্বে এই কর প্রত্যাহার করা উচিত বলেও মত প্রকাশ করেন তিনি।
এদিন সাইকেলে এলাকা পরিক্রমার সময় কংগ্রেস কর্মী-সমর্থকদেরও তাঁর সঙ্গে দেখা যায়। সাধারণ মানুষের একাংশও বিধায়কের এই উদ্যোগকে সমর্থন জানান বলে জানা গেছে।
উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংযম ও পরিবেশবান্ধব জীবনযাপনের বার্তার পর গোমতী জেলার জেলাশাসক সরকারি গাড়ির পরিবর্তে সাইকেলে অফিস যাওয়া শুরু করেন। সেই ঘটনার পর এবার বনমালীপুরের কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়ের সাইকেল ব্যবহার রাজনৈতিক মহলেও নতুন করে আলোচনা তৈরি করেছে।

