iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

আদিবাসী হস্টেল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, খুদে পড়ুয়াদের কাছে নিলেন খাবারের গুণগত মানের খোঁজ

কলকাতা, ১৯ নভেম্বর : পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর থেকেই নতুন সরকার আদিবাসী সমাজের সার্বিক উন্নয়নের ওপর বিশেষ জোর দিয়েছে। সেই ধারাবাহিকতায় এর আগে বাঁকুড়ায় হুল দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে আদিবাসী হস্টেলগুলিতে বসবাসকারী ছাত্রছাত্রীদের ভরণপোষণ ভাতা মাসিক ১ হাজার ৮০০ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৩০০ টাকা করার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত আগস্ট মাস থেকে কার্যকর হওয়া এই বর্ধিত ভাতার সুবিধা আবাসিক পড়ুয়ারা সঠিকভাবে পাচ্ছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার আলিপুরদুয়ারের প্রশাসনিক বৈঠক থেকে পরিস্থিতির পর্যালোচনা করলেন মুখ্যমন্ত্রী। লোকনাথপুর আশ্রম থেকে ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের ৩২৪টি আদিবাসী হস্টেলের সঙ্গে যুক্ত হয়ে খুদে পড়ুয়াদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি এবং খাবারের পরিমাণ ও গুণগত মান সম্পর্কে খোঁজখবর নেন।প্রশাসনিক বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী মঞ্চে পঞ্চম শ্রেণির এক পড়ুয়াকে ডেকে নিয়ে জিজ্ঞাসা করেন, হস্টেলে তাদের যে খাবার দেওয়া হচ্ছে, তার পরিমাণ এবং মান ঠিক রয়েছে কি না। ওই পড়ুয়া সমস্ত প্রশ্নের ইতিবাচক উত্তর দিলে মুখ্যমন্ত্রী হেসে রসিকতা করে জিজ্ঞাসা করেন, পাশ থেকে কেউ তাকে উত্তর শিখিয়ে দিচ্ছে না তো? এরপরই হস্টেলের ওয়ার্ডেনকে কড়া নির্দেশ দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, ছাত্রছাত্রীদের খাবারের মান নিয়ে কোনো ধরনের আপস বা গাফিলতি সরকার বরদাস্ত করবে না।উল্লেখ্য, রাজ্যে নতুন সরকারের আমলে স্কুলগুলির মিড-ডে মিলের বাজেটও বৃদ্ধি করা হয়েছে এবং ইসকনের তত্ত্বাবধানে পড়ুয়াদের জন্য পুষ্টিকর আহারের সুব্যবস্থা করা হচ্ছে।এদিন পড়ুয়াদের সঙ্গে মতবিনিময়ের সময় মুখ্যমন্ত্রী তাদের একটি গান শোনানোর অনুরোধ জানান। ভার্চুয়াল বৈঠকে যুক্ত থাকা একটি হস্টেলের ছাত্রছাত্রীরা মুখ্যমন্ত্রীকে তাদের নিজস্ব আদিবাসী ভাষায় একটি সমবেত সঙ্গীত পরিবেশন করে শোনায়। পড়ুয়াদের এই পরিবেশনার ভূয়সী প্রশংসা করে রাজ্যের সমস্ত আদিবাসী হস্টেলে বাদ্যযন্ত্র দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি উপস্থিত আধিকারিকদের নির্দেশ দেন, রাজ্যের ৩২৪টি আদিবাসী হস্টেলেই হারমোনিয়াম সহ অন্যান্য প্রয়োজনীয় বাদ্যযন্ত্র পাঠানোর ব্যবস্থা করতে হবে।বৈঠক শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রী নিজে লোকনাথপুর কন্যা আবাসিক হস্টেল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি হস্টেলের শয়নকক্ষ থেকে শুরু করে রান্নাঘর ও ভোজনালয় পর্যন্ত ঘুরে দেখেন এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *