iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

আগরতলায় চাঞ্চল্যকর চুরি, পুলিশের দ্রুত অভিযানে উদ্ধার ২০ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার

আগরতলা, মে  : রাজধানীর পশ্চিম আগরতলা থানার একেবারে নাকের ডগায় সংঘটিত দুঃসাহসিক চুরির ঘটনায় মাত্র ছয় ঘণ্টার মধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ২০ লক্ষ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার। গোটা অভিযানের নেতৃত্ব দেন পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি।

শনিবার পশ্চিম আগরতলা থানায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে সদর মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) দেবপ্রসাদ রায় বিস্তারিতভাবে ঘটনার বিবরণ তুলে ধরেন। তিনি জানান, শুক্রবার রাতে রানিরবাজারের বাসিন্দা রাজু সাহা নামে জনৈক ব্যক্তি হঠাৎ খবর পান যে তাঁর এক নিকট আত্মীয় পশ্চিম আগরতলা থানা সংলগ্ন একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন।

তড়িঘড়ি করে স্ত্রীকে নিয়ে নিজের অটো রিকশায় আগরতলার উদ্দেশ্যে রওনা দেন রাজু সাহা। পূর্ব অভিজ্ঞতার কারণে তিনি বাড়ির সমস্ত মূল্যবান স্বর্ণালঙ্কার একটি ব্যাগে ভরে সঙ্গে নিয়ে আসেন। উল্লেখ্য, গত দুর্গাপুজোর সময় পরিবারের সবাই বাইরে থাকার সুযোগে তাঁর বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল। সেই কারণেই আর ঝুঁকি নিতে চাননি তিনি।

রাত সাড়ে ৯টা নাগাদ নার্সিংহোমের সামনে অটো রেখে গাড়ির বক্সে স্বর্ণালঙ্কারভর্তি ব্যাগটি রেখে তালা লাগিয়ে তিনি স্ত্রীসহ নার্সিংহোমে প্রবেশ করেন। প্রায় আধঘণ্টা পর রাত ১০টা নাগাদ বাইরে এসে দেখেন অটোর বক্সের তালা ভাঙা এবং ভিতরে রাখা স্বর্ণালঙ্কার উধাও।

ঘটনার গুরুত্ব অনুধাবন করে সঙ্গে সঙ্গেই পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ পাওয়ার পরই ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়। এই দলে রামনগর ও বটতলা ফাঁড়ির ওসিরাও যুক্ত ছিলেন।

রাত ১১টা থেকেই শুরু হয় পুলিশের তৎপরতা। নিজস্ব সূত্র এবং এলাকার সিসিটিভি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, শুক্রবার রাত ৯টা থেকে ১০টার মধ্যে প্যারাডাইস চৌমুহনী থেকে পশ্চিম আগরতলা থানা পর্যন্ত এলাকায় রাজনগরের কয়েকজন যুবক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল।

এই সূত্র ধরে গভীর রাতে রাজনগর এলাকায় একাধিক স্থানে অভিযান চালায় পুলিশ। ভোররাতে শামীম মিয়া ও পার্থ আচার্যের বাড়িতে তল্লাশি চালিয়ে চুরি হওয়া প্রায় সমস্ত স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। একই সঙ্গে দু’জনকেই গ্রেফতার করা হয়।

এসডিপিও দেবপ্রসাদ রায় জানান, ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের ধারণা, তারা একটি সংঘবদ্ধ চোরচক্রের সঙ্গে যুক্ত। এই চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

রাজধানীর ব্যস্ততম এলাকায় পশ্চিম আগরতলা থানার কাছেই সংঘটিত এই চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হলেও মাত্র ছয় ঘণ্টার মধ্যে চুরি হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেফতার করায় পুলিশের তৎপরতা ও দক্ষতার প্রশংসা করছেন অনেকে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *