আগরতলা, ৯ মে : গাড়ির লাইন নম্বর ধরাকে কেন্দ্র করে বামুটিয়ায় অটোচালকদের দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রণব বণিক নামে জনৈক অটোচালক গুরুতরভাবে আহত হন। ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ চালকরা বিএমএস অনুমোদিত বামুটিয়া ব্লক অটোরিকশা শাখা অফিসে তালা ঝুলিয়ে দেন। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বামুটিয়ার কালীবাজার এলাকায় অটোরিকশার লাইন নম্বর নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। অভিযোগ, নম্বর ধরতে গেলে সুদীপ্ত দাস নামে জনৈক অটোচালক প্রণব বণিকের উপর চড়াও হন। মুহূর্তের মধ্যেই বচসা হাতাহাতিতে রূপ নেয়। সংঘর্ষে প্রণব বণিক মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান এবং রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
আহত প্রণব বণিককে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর মাথায় আঘাত লেগেছে এবং চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন।
অটোচালকদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে বামুটিয়া বিএমএস অটোরিকশা ব্লক শাখার কমিটি গঠনকে কেন্দ্র করে সংগঠনের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সেই অভ্যন্তরীণ বিরোধই এদিনের সংঘর্ষের মূল কারণ বলে অভিযোগ। আহত চালককে মারধরের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন অন্যান্য চালকরা। তাঁরা বিএমএস অফিসে তালা ঝুলিয়ে দিয়ে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বামুটিয়া ফাঁড়িথেকে পুলিশ ও অতিরিক্ত নিরাপত্তা বাহিনী কালীবাজার এলাকায় মোতায়েন করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নতুন করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর রাখছে।
এ বিষয়ে বামুটিয়া ফাঁড়ির ওসি প্রীতম চাকমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনও মন্তব্য করতে চাননি।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই বামুটিয়ায় অটোচালকদের মধ্যে সংগঠন ও কমিটি গঠনকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। এদিনের রক্তক্ষয়ী সংঘর্ষ সেই দ্বন্দ্বকে আরও প্রকট করে তুলেছে। স্থানীয়দের মতে, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে।
এদিকে আহত অটোচালক প্রণব বণিক অভিযোগ করেন, পরিকল্পিতভাবেই তাঁর উপর হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

