iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

নতুন রাজনৈতিক সমীকরণ, জোট বেঁধে ‘সামাজিক পরিবর্তন মোর্চা’ গড়লেন আজাদ ও ওয়েইসি

লখনউ, ১২ নভেম্বর : আসন্ন উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক জোটের ঘোষণা করলেন আজাদ সমাজ পার্টি (কাঁশিরাম)-এর সভাপতি তথা সাংসদ চন্দ্রশেখর আজাদ এবং অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-এর প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। বৃহস্পতিবার যৌথভাবে তাঁরা এই নতুন রাজনৈতিক মঞ্চের নাম ‘সামাজিক পরিবর্তন মোর্চা’ হিসেবে ঘোষণা করেন। দলিত, সংখ্যালঘু ও পিছিয়ে পড়া বঞ্চিত শ্রেণির ভোটব্যাঙ্ককে একত্রিত করে রাজ্যে নতুন রাজনৈতিক বিকল্প তুলে ধরাই এই জোটের মূল লক্ষ্য বলে নেতৃদ্বয় জানিয়েছেন।
জোট ঘোষণার পর বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি আত্মবিশ্বাসের সঙ্গে জানান, উত্তর প্রদেশে বিজেপিকে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসা থেকে রুখতে এই মোর্চা অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করবে। ওয়েইসি বলেন, “আমরা ‘সামাজিক পরিবর্তন মোর্চা’ গঠনের সিদ্ধান্ত নিয়েছি। আমি পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, উত্তর প্রদেশে বিজেপিকে তৃতীয়বার ক্ষমতায় আসা থেকে আটকাতে এটি একটি অত্যন্ত শক্তিশালী মোর্চা হিসেবে উঠে আসবে।”
অন্যদিকে, আজাদ সমাজ পার্টি (কাঁশিরাম)-এর সভাপতি চন্দ্রশেখর আজাদ এই জোটকে কোনো সাধারণ ‘তৃতীয় ফ্রন্ট’ হিসেবে দেখতে নারাজ; বরং একে সামাজিক ন্যায়ের লড়াইয়ের মঞ্চ হিসেবে অভিহিত করেছেন। প্রাক্তন শাসকদলগুলিকে নিশানা করে চন্দ্রশেখর আজাদ বলেন, “এটি কোনও ‘তৃতীয় ফ্রন্ট’ নয়, এটি সামাজিক পরিবর্তনের একটি মোর্চা। এই জোট শক্তিশালী এবং আগামী দিনে আরও শক্তিশালী হবে। সমাজের প্রান্তিক, বঞ্চিত, নিপীড়িত, শোষিত এবং দলিত শ্রেণির মানুষ যত বেশি করে এতে যুক্ত হবেন, অসহায় ও শোষিত মানুষদের জন্য এই মোর্চা ততই এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হবে।”
বহুজন ও প্রান্তিক সমাজের প্রতি ঐতিহাসিক বঞ্চনার অভিযোগ তুলে সাংসদ আজাদ আরও বলেন, “তারা আমাদের দারিদ্র্য ও অসহায়তা দূর করার এবং আমাদের ওপর চলা নিপীড়ন, জাতিগত হিংসা ও অত্যাচার বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তা কেবল প্রতারণাতেই পর্যবসিত হয়েছে—যারা আমাদের উন্নয়নের ও মূলস্রোতে ফিরিয়ে আনার কথা বলেছিল, তারা নিজেরা বিধায়ক, সাংসদ, মুখ্যমন্ত্রী এমনকী প্রধানমন্ত্রীও হয়েছেন। অথচ এই প্রান্তিক সমাজ ঠিক যেখানে ছিল, আজও সেখানেই রয়ে গিয়েছে। আসল সত্য এটাই যে সরকার বদলেছে, একের পর এক ঘোষণা হয়েছে, কিন্তু আজও বহুজন সমাজ ন্যূনতম মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *