আগরতলা, ৮ মে : রাজ্যের যুব সমাজের স্বার্থসংশ্লিষ্ট আন্দোলনকে আরও বৃহত্তর পর্যায়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করলেন দ্বিতীয়বারের মতো নির্বাচিত ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা। শুক্রবার রাজধানী আগরতলায় কংগ্রেস ভবনে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় দফায় সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এদিন তাঁকে ঘিরে যুব কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে সকাল থেকেই কংগ্রেস ভবন চত্বরে ভিড় জমাতে শুরু করেন বিভিন্ন জেলা ও মহকুমা থেকে আসা যুব কংগ্রেস কর্মীরা। ঢাক-ঢোলের বাদ্য, ফুলের মালা এবং উত্তরীয় পরিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় নবনির্বাচিত সভাপতিকে। সংগঠনের পতাকা ও স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। কর্মীদের উচ্ছ্বাস এবং সমর্থনের মধ্য দিয়েই দ্বিতীয়বারের জন্য আনুষ্ঠানিকভাবে কার্যভার গ্রহণ করেন নীলকমল সাহা।
দায়িত্ব গ্রহণের পর বক্তব্য রাখতে গিয়ে নীলকমল সাহা বলেন, “আমার উপর আবারও যে আস্থা ও বিশ্বাস যুব কংগ্রেসের কর্মী-সমর্থকরা রেখেছেন, তার মর্যাদা রক্ষার জন্য সর্বশক্তি দিয়ে কাজ করে যাব। সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।”
তিনি জানান, বর্তমানে রাজ্য যুব কংগ্রেসের সদস্য সংখ্যা বেড়ে ২৪ হাজার ৮০০-রও বেশি হয়েছে। রাজ্যের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন সম্প্রদায় ও শ্রেণির যুবকদের সমর্থন সংগঠনের প্রতি বেড়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর কথায়, “এই সমর্থনই আমাদের আগামী দিনের শক্তি। যুব সমাজের অধিকার, কর্মসংস্থান, শিক্ষা এবং সামাজিক নিরাপত্তার প্রশ্নে আমরা আরও জোরালোভাবে আন্দোলনে নামব।”
রাজ্যের বর্তমান পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, বেকারত্ব, মাদক সমস্যা এবং যুবকদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। এই বিষয়গুলিকে সামনে রেখেই আগামী দিনে যুব কংগ্রেস বৃহত্তর গণআন্দোলনের পথে এগুবে বলে জানান তিনি।
এদিনের অনুষ্ঠানে যুব কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের পাশাপাশি প্রদেশ কংগ্রেসের একাধিক নেতাও উপস্থিত ছিলেন। নবনির্বাচিত সভাপতিকে শুভেচ্ছা জানিয়ে তাঁরা সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে কর্মীদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন নীলকমল সাহা।

