iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

সোমনাথ মন্দিরের ৭৫ বছর, ধর্মনগরে ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন

ধর্মনগর, মে : ভারতবর্ষের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক তীর্থস্থান সোমনাথ মন্দিরের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে ১১ মে দেশজুড়ে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই বিশেষ দিনকে সামনে রেখে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরেও নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ধর্মনগরের ঐতিহ্যবাহী টাউন কালীবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বিশেষ শিব পূজা, ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং ভক্তিমূলক কর্মসূচি।

এই অনুষ্ঠানকে কেন্দ্র করে শুক্রবার টাউন কালীবাড়ি প্রাঙ্গণে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ধর্মনগরের নবনির্বাচিত বিধায়ক জহর চক্রবর্তী, জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক রিপন চাকমা, জেলা পরিষদের সভাধিপতি অপর্না নাথ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আয়োজক কমিটির সদস্যরা।

বৈঠকে মূলত অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি, পূজার আয়োজন, ভক্তদের নিরাপত্তা ও উপস্থিতি, যানবাহন নিয়ন্ত্রণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দিনটিকে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।

জানা গেছে, আগামী ১১ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের সোমনাথ মন্দিরে বিশেষ পূজা ও অর্চনায় অংশ নেবেন। একইসঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা, যজ্ঞ, শিব পূজা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

ধর্মনগরের নবনির্বাচিত বিধায়ক জহর চক্রবর্তী এদিন ধর্মনগরবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, “সোমনাথ মন্দির ভারতীয় সংস্কৃতি ও আধ্যাত্মিকতার এক গুরুত্বপূর্ণ প্রতীক। এই পবিত্র উপলক্ষ্যে সকল ধর্মপ্রাণ মানুষকে টাউন কালীবাড়িতে এসে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি।”

আয়োজকদের আশা, এই অনুষ্ঠান ধর্মীয় সম্প্রীতি ও ভক্তিভাবের এক অনন্য পরিবেশ সৃষ্টি করবে এবং বিপুল সংখ্যক ভক্ত ও সাধারণ মানুষের সমাগম ঘটবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *