আগরতলা, ৮ মে : ত্রিপুরায় বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে এখন পর্যন্ত নিয়মিত, আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক মিলিয়ে মোট ৪৫ হাজার ৩৮ জনকে চাকরি দেওয়া হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। শুক্রবার রাজধানী আগরতলায় প্রজ্ঞা ভবনে নির্বাচন দফতর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের নির্বাচিত প্রার্থীদের মধ্যে চাকরির অফার বিতরণ অনুষ্ঠানে তিনি এই তথ্য তুলে ধরেন। এদিন দুই দফতরে মোট ১১৫ জনের হাতে অফার লেটার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন দফতর ও স্বাস্থ্য দফতরের সচিব সহ বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকরা। মুখ্যমন্ত্রী এবং উপস্থিত অতিথিরা নির্বাচিত প্রার্থীদের হাতে অফার লেটার তুলে দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক নিয়োগ প্রক্রিয়া চালু রয়েছে। তিনি জানান, এখন পর্যন্ত বিভিন্ন সরকারি দফতরে ২০ হাজার ৮৪৫ জনকে নিয়মিত চাকরি প্রদান করা হয়েছে। পাশাপাশি আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক আরও ২৪ হাজার ৭৮ জনকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে মোট ৪৫ হাজার ৩৮ জনের চাকরি হয়েছে বলে দাবি করেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে। কোনও ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই যোগ্য প্রার্থীদের চাকরি দেওয়া হচ্ছে। এর ফলে যুব সমাজের মধ্যে সরকারের প্রতি আস্থা আরও বৃদ্ধি পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
নিয়োগপ্রাপ্তদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য পরিষেবা মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই এই দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “শুধু সকাল দশটা থেকে বিকেল পাঁচটার গৎবাঁধা চাকরি করলে চলবে না। মনে রাখতে হবে, আমরা ত্রিপুরার মানুষের সেবায় নিয়োজিত। মানুষের প্রয়োজনে ২৪ ঘণ্টাই কাজ করার মানসিকতা থাকতে হবে।”
তিনি আরও বলেন, নতুন প্রজন্মের কর্মীদের নিষ্ঠা, সততা ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে হবে। তবেই “এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা” গড়ে তোলার লক্ষ্য সফল হবে।
অনুষ্ঠানে নিয়োগপ্রাপ্তদের মধ্যে উৎসাহ ও আনন্দের পরিবেশ লক্ষ্য করা যায়। বহু চাকরিপ্রার্থী দীর্ঘদিনের অপেক্ষার পর সরকারি চাকরির সুযোগ পেয়ে মুখ্যমন্ত্রী ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

