iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

বেপরোয়া ট্রিপারের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, শোকের ছায়া মধ্য কাশীপুরে

আগরতলা, ৬ মে : বেপরোয়া ট্রিপার গাড়ির ধাক্কায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে রাজধানী আগরতলায় মধ্য কাশীপুর এলাকায়। মৃতের নাম সন্তোষ দেবনাথ (৬২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে বাড়ির সামনের একটি চায়ের দোকানে যাওয়ার উদ্দেশ্যে অসম-আগরতলা জাতীয় সড়ক পার হচ্ছিলেন সন্তোষ দেবনাথ। সেই সময় টিআর-০১-এডব্লিও১৫৫০ নম্বরের একটি দ্রুতগতির ট্রিপার গাড়ি আচমকাই তাঁকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার জেরে তিনি রাস্তার উপর ছিটকে পড়েন এবং মাথাসহ শরীরের একাধিক স্থানে গুরুতর আঘাত পান।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গেছে, সন্তোষ দেবনাথের বাড়ি রানিরবাজারের করইমুড়া এলাকায়। প্রায় দুই বছর আগে স্ত্রীর মৃত্যুর পর তিনি মধ্য কাশীপুরে মেয়ে ও জামাইয়ের সঙ্গে বসবাস করছিলেন। এলাকায় তিনি শান্ত স্বভাবের মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

পরে পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জিবিপি হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

এই দুর্ঘটনায় মধ্য কাশীপুর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দারা ওই জাতীয় সড়কে বেপরোয়া গতির যানবাহনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এবং প্রশাসনের কাছে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *