আগরতলা, ৩ নভেম্বর : দুর্নীতি, হামলা ও হুজ্জুতি মুক্ত স্বচ্ছ পুর নিগম প্রশাসন গড়তে জনগণ প্রস্তুত। পরিবর্তনের অপেক্ষায় রয়েছেন সাধারণ মানুষ। মঙ্গলবার আগরতলা পুর নিগমের ১২ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে এমনটাই দাবি করলেন সিপিআই(এম) মনোনীত প্রার্থী কাজল রেখা শিং। একই দিনে ২৩ নম্বর ওয়ার্ডেও বাড়ি বাড়ি প্রচার শুরু করেন সিপিআই(এম) প্রার্থী উমা চন্দ।
আসন্ন পুর নিগম নির্বাচনকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে শাসক দল বিজেপি এবং বিরোধী ইন্ডি জোটের মধ্যে আসন সমঝোতা নিয়ে জটিলতা অব্যাহত রয়েছে। এরই মধ্যে মঙ্গলবার থেকে নির্বাচনী প্রচারে গতি বাড়িয়েছে সিপিআই(এম)। দলীয় প্রার্থীরা কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে জনসংযোগ শুরু করেছেন।
এদিন আগরতলা পুর নিগমের ১২ নম্বর ওয়ার্ডে সিপিআই(এম) মনোনীত প্রার্থী কাজল রেখা শিং বাড়ি বাড়ি প্রচারে বের হন। এই প্রথম নগর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। তাঁর সঙ্গে প্রচারে উপস্থিত ছিলেন বাম নেতৃত্ব শংকর প্রসাদ দত্ত-সহ অন্যান্য দলীয় কর্মী-সমর্থকরা।
প্রচারে বেরিয়ে কাজল রেখা শিং জানান, এলাকার বাসিন্দাদের কাছ থেকে তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন। তাঁর দাবি, সাধারণ মানুষ দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ পুর নিগম প্রশাসন চান। নাগরিক পরিষেবা উন্নত করার পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠার প্রত্যাশাও রয়েছে তাঁদের মধ্যে।
সিধাই-মোহনপুর-সহ বিভিন্ন এলাকায় বাম প্রার্থীদের বাড়িঘরে হামলার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “বাড়ি বাড়ি হামলার কাজটাই বিজেপি ভালো করতে পারে।” তাঁর বক্তব্য, এই ধরনের পরিস্থিতি থেকে মুক্তি পেতেই মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। নির্বাচনের মাধ্যমে জনগণ তাঁদের প্রত্যাশা পূরণের সুযোগ খুঁজছেন বলেও দাবি করেন তিনি।
অন্যদিকে, আগরতলা পুর নিগমের ২৩ নম্বর ওয়ার্ডে সিপিআইএম মনোনীত প্রার্থী উমা চন্দও মঙ্গলবার বাড়ি বাড়ি ভোট প্রচার শুরু করেন। ওই ওয়ার্ডের প্রাক্তন কর্পোরেটর হওয়ায় এলাকায় তাঁর পরিচিতি রয়েছে। এদিন তাঁর সঙ্গে প্রচারে ছিলেন বাম নেতৃত্ব অমল চক্রবর্তী-সহ অন্যান্য কর্মী-সমর্থকরা।
নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বিভিন্ন ওয়ার্ডে রাজনৈতিক দলগুলির প্রচার তীব্র হচ্ছে। বাড়ি বাড়ি জনসংযোগের মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন প্রার্থীরা।

