iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

পরিকাঠামো উন্নয়নে দুর্নীতি বরদাস্ত নয়, অভিযোগ পেলেই ব্যবস্থা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর : রাজ্যের পরিকাঠামোগত উন্নয়নের কাজে কোনও ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না। কোথাও অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে সাসপেন্ডও করা হয়েছে। মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে একথা জানান মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।

মুখ্যমন্ত্রী বলেন, পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে রাজ্য সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করে চলছে। কিছু কিছু ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে এবং সেই অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উন্নয়নমূলক কাজে কোনও ধরনের অনিয়ম যাতে না হয়, সেদিকে সরকারের কড়া নজর রয়েছে বলেও জানান তিনি।

বর্ডার গোলচক্কর এলাকায় লাইট হাউস নির্মাণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ড্রিম প্রজেক্ট। রাজ্যে এই ধরনের কাজ প্রথমবার হচ্ছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রকল্পটির কাজ চলছে। আগামী দিনে রাজ্যে এই ধরনের আরও উন্নয়নমূলক কাজ হবে বলেও জানান তিনি।

আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের কাজের অগ্রগতি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বৃষ্টির কারণে কাজ করতে সমস্যার সৃষ্টি হচ্ছে। পাশাপাশি শহরে রাস্তার সংখ্যা কম থাকায় যান চলাচল বন্ধ রেখে কাজ করার সুযোগও নেই। ফলে কাজের গতি কিছুটা ব্যাহত হচ্ছে। দ্রুত কাজ সম্পন্ন করার জন্য স্মার্ট সিটি কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

জাতীয় সড়ক নির্মাণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এই কাজ মূলত এনএইচআইডিসিএল-এর হাতে রয়েছে। রাজ্য সরকার জমি সংক্রান্ত বিষয়সহ প্রয়োজনীয় ক্ষেত্রে তাদের সহযোগিতা করছে। বাকি কাজ কেন্দ্রীয় সরকারের মাধ্যমে হচ্ছে।

মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার পরিকাঠামোগত উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিয়েছে। চলতি অর্থবর্ষের বাজেটে পরিকাঠামোগত খাতে ১০ হাজার কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে। এই বিপুল কর্মযজ্ঞে স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি উন্নয়নের কাজের গুণগত মান নিশ্চিত করার দিকেও সরকার গুরুত্ব দিচ্ছে। কোথাও দুর্নীতি বা অনিয়মের ঘটনা সামনে এলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *