আগরতলা, ৫ আগস্ট: আগরতলা শহরের উপকণ্ঠে বড়জলা এলাকায় মধ্যপাড়ার বাসিন্দা দরিদ্র ও অসহায় হিরাবতী সরকার সেন তাঁর পৈতৃক সম্পত্তি জাল নথির মাধ্যমে বেআইনিভাবে দখল করে নেওয়ার অভিযোগ তুলে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বুধবার পরিবারের সদস্য ও এলাকার বাসিন্দাদের সঙ্গে নিয়ে তিনি জেলাশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগপত্র জমা দেন এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
জেলাশাসকের কার্যালয়ের বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হিরাবতী সরকার সেন অভিযোগ করেন, জীবন রুদ্ধপাল নামে জনৈক ব্যক্তি জাল কাগজপত্র তৈরি করে তাঁর পৈতৃক সম্পত্তি নিজের দখলে নিয়েছেন। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে তিনি প্রশাসনের বিভিন্ন দফতরে আবেদন জানিয়ে আসছেন। কিন্তু একাধিকবার আবেদন করেও এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি এবং তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত রয়েছেন।
হিরাবতী সরকার সেন আরও বলেন, ওই সম্পত্তির সঙ্গে তাঁর পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং এটি তাঁদের পৈতৃক সম্পদ। অথচ জাল নথি তৈরি করে সম্পত্তি হাতিয়ে নেওয়ার ঘটনায় তিনি চরম আর্থিক ও মানসিক সংকটের মধ্যে পড়েছেন। একজন অসহায় নারী হিসেবে ন্যায়বিচারের আশায় তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।
অভিযোগপত্রে তিনি প্রশাসনের কাছে ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত, সংশ্লিষ্ট নথিপত্রের সত্যতা যাচাই, জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং প্রকৃত মালিক হিসেবে তাঁর পৈতৃক সম্পত্তি দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।
এদিন তাঁর সঙ্গে উপস্থিত পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারাও প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তাঁদের বক্তব্য, একজন অসহায় মহিলার ন্যায্য অধিকার যাতে ফিরিয়ে দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের জালিয়াতির ঘটনা রোধে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত জীবন রুদ্ধপালের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি। অভিযোগের ভিত্তিতে প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই এখন নজর রয়েছে।

