আগরতলা, ৩ আগস্ট : রাজধানী আগরতলায় জগন্নাথবাড়ি সংলগ্ন ডঃ বিআর আম্বেদকর স্মৃতি ছাত্রীনিবাসে খাদ্যসামগ্রী চুরির ঘটনায় কড়া পদক্ষেপের নির্দেশ দিল রাজ্য সরকার। সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসার পর সোমবার সকালে ছাত্রীনিবাস পরিদর্শনে যান জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা। পরিদর্শনকালে তিনি হোস্টেল সুপার-সহ সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মীদের অবিলম্বে ছাত্রীনিবাস থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি রাজ্যের সমস্ত ছাত্রাবাস ও ছাত্রীনিবাসে পর্যায়ক্রমে বায়োমেট্রিক উপস্থিতি ব্যবস্থা চালুর ঘোষণা করেন তিনি।
উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় আম্বেদকর ছাত্রীনিবাসের আবাসিক ছাত্রীরাই অভিযোগ করেন, সরকারি বরাদ্দের খাদ্যসামগ্রী দায়িত্বে থাকা কয়েকজন পাচক নিয়মিতভাবে বাইরে পাচার করছেন। বিষয়টি হাতেনাতে ধরা পড়ার পর ছাত্রীরা প্রতিবাদ জানায়। ঘটনাটি সংবাদমাধ্যমে প্রকাশিত হতেই প্রশাসনের উচ্চপর্যায়ে নড়াচড়া শুরু হয়।
সোমবার সকালে মন্ত্রী বিকাশ দেববর্মা ছাত্রীনিবাসে পৌঁছে আবাসিক ছাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন। তাঁদের কাছ থেকে হোস্টেলের বিভিন্ন সমস্যা ও অভিযোগ শোনেন। ছাত্রীরা জানান, দীর্ঘদিন ধরে অধিকাংশ কক্ষে বিদ্যুৎ সংযোগ অচল, বাথরুমে আলো নেই, বহু ফ্যান বিকল অবস্থায় পড়ে রয়েছে এবং পানীয় জলেরও তীব্র সংকট রয়েছে। এছাড়াও হোস্টেলের সার্বিক রক্ষণাবেক্ষণের অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আবাসিকরা।
ছাত্রীদের অভিযোগ শুনে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার উদ্যোগে ছাত্র-ছাত্রীদের উন্নত মানের খাবারের জন্য প্রতিদিনের খাদ্যভাতা ১০০ টাকায় উন্নীত করা হয়েছে। সরকারের লক্ষ্য প্রত্যন্ত এলাকার দরিদ্র পরিবারের ছাত্র-ছাত্রীরা যাতে নিরাপদ ও উন্নত পরিবেশে থেকে পড়াশোনা করতে পারে। সেই সুযোগকে কাজে লাগিয়ে কেউ যদি দুর্নীতি বা খাদ্যসামগ্রী আত্মসাতের মতো অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তাহলে তা কোনওভাবেই বরদাস্ত করা হবে না।
মন্ত্রী আরও বলেন, ছাত্রাবাস ও ছাত্রীনিবাসগুলিতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং শৃঙ্খলা নিশ্চিত করতে নতুন ব্যবস্থাপনা চালু করা হচ্ছে। এর অংশ হিসেবে রাজ্যের প্রতিটি ছাত্রাবাস ও ছাত্রীনিবাসে পর্যায়ক্রমে বায়োমেট্রিক উপস্থিতি ব্যবস্থা চালু করা হবে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও আরও শক্তিশালী করা হবে এবং প্রয়োজনে নিরাপত্তারক্ষীদেরও পরিবর্তন করা হবে বলে তিনি জানান।
তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত বিদ্যুৎ, পানীয় জল, ফ্যান ও অন্যান্য পরিকাঠামোগত সমস্যার সমাধানের নির্দেশ দেন। একইসঙ্গে ছাত্র-ছাত্রীদের স্বার্থবিরোধী কোনও অনিয়ম ভবিষ্যতে ধরা পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন।
জানা গেছে, আম্বেদকর ছাত্রীনিবাস পরিদর্শনের পর সোমবার শহরের আরও কয়েকটি ছাত্র ও ছাত্রীনিবাস পরিদর্শনের কর্মসূচি রয়েছে মন্ত্রী বিকাশ দেববর্মার। বিভিন্ন হোস্টেলের পরিকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা, খাদ্যের মান এবং প্রশাসনিক কার্যক্রম খতিয়ে দেখেই প্রয়োজনীয় সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

