বারাণসী, ২৮ নভেম্বর : উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন শনিবার বারাণসী পৌঁছন। বাবতপুরে লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁকে অভ্যর্থনা জানান। উল্লেখ্য, উপরাষ্ট্রপতি নমো ঘাটে কাশী তামিল সঙ্গমমের পঞ্চম সংস্করণের উদ্বোধন করবেন। এই উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীও উপস্থিত থাকবেন।
কাশী তামিল সঙ্গমমের পঞ্চম সংস্করণ আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত আয়োজিত হবে। এবার এই অনুষ্ঠানের থিম তামিলের মহান প্রাচীন গ্রন্থ ‘তিরুক্কুরল’-এর শিক্ষার ওপর ভিত্তি করে নির্ধারিত হয়েছে। তামিলনাড়ু থেকে সাতটি দলে মোট ১,৭৫০ জন প্রতিনিধি বারাণসীতে আসবেন। এবার সঙ্গমমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে তিরুক্কুরলের শিক্ষা পৌঁছে দেওয়ার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। এর জন্য তামিলনাড়ু থেকে হিন্দি জানা ৫০ জন শিক্ষক উত্তর প্রদেশে আসবেন। এই শিক্ষকরা বারাণসী, প্রয়াগরাজ এবং অযোধ্যার শিক্ষার্থীদের এই প্রাচীন তামিল গ্রন্থের শিক্ষার সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। সারাদেশের প্রায় এক হাজার শিক্ষা প্রতিষ্ঠানের একজন করে শিক্ষার্থী নিজ নিজ ভাষায় তিরুক্কুরল পাঠ করবে এবং এর শিক্ষা নিজ নিজ প্রতিষ্ঠানে প্রচার করবে। কাশী তামিল সঙ্গমমে অংশ নেওয়া প্রতিনিধিদের বারাণসীর প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক স্থানগুলি ঘুরিয়ে দেখানো হবে। এছাড়া তাঁরা প্রয়াগরাজ এবং অযোধ্যার প্রধান ধর্মীয় স্থানগুলি দর্শনেরও সুযোগ পাবেন।

