iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

ভাগলপুরে ১৩ ত্রিপুরা ব্যাটালিয়ন এনসিসির উদ্যোগে ভাইব্র্যান্ট ভিলেজ প্রোগ্রাম-

মোহনপুর, ২৮ নভেম্বর  : সীমান্ত এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি প্রত্যন্ত গ্রামগুলির সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সামরিক বাহিনী, পুলিশ এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক সহযোগিতা ও অংশগ্রহণের মধ্য দিয়েই সীমান্তবর্তী এলাকার সার্বিক উন্নয়ন সম্ভব। আগামী দিনে এই সম্মিলিত উদ্যোগই সীমান্ত এলাকার উন্নয়নে মাইলফলক হয়ে উঠবে। শনিবার মোহনপুর মহকুমার বামুটিয়া ব্লকের অন্তর্গত ভাগলপুর বিএসএফ মাঠে আয়োজিত ‘ভাইব্র্যান্ট ভিলেজ প্রোগ্রাম-২০২৬’-এর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই অভিমত ব্যক্ত করেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা ডা. বিশাল কুমার।

১৩ ত্রিপুরা ব্যাটালিয়ন এনসিসির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলাশাসক। অনুষ্ঠানে তিনি বলেন, আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কর্মসূচির মধ্য দিয়ে সামরিক বাহিনী, পুলিশ এবং সাধারণ মানুষ একসঙ্গে কাজ করার একটি সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছেন। সীমান্ত এলাকার নিরাপত্তা রক্ষার পাশাপাশি স্থানীয় মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং অর্থনৈতিক বিকাশেও সংশ্লিষ্ট বাহিনীগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

জেলাশাসক আরও বলেন, ভাইব্র্যান্ট ভিলেজ কর্মসূচির আওতায় সীমান্তবর্তী গ্রামগুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সীমান্ত এলাকার প্রত্যন্ত গ্রামগুলির উন্নয়ন এবং সেখানকার বাসিন্দাদের মূলস্রোতের উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করাই এই ধরনের কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। এ ধরনের উদ্যোগ সীমান্তরক্ষী বাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং সুসম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।

এনসিসির ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, রাষ্ট্রের ঐক্য, সংহতি ও সামাজিক উন্নয়নে এনসিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের বহু যুবক-যুবতী এনসিসির সঙ্গে যুক্ত হয়ে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের শিক্ষা গ্রহণের পাশাপাশি দেশ গঠন এবং দেশের শক্তি বৃদ্ধিতে নিজেদের নিয়োজিত করছে। এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে সরকারও প্রয়োজনীয় সহযোগিতা করে চলেছে।

সীমান্ত এলাকার বাসিন্দাদের উদ্দেশে জেলাশাসক বলেন, এলাকার নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে স্থানীয় জনগণেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তাই প্রত্যেককে সচেতন থেকে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য তিনি সীমান্তবাসীর প্রতি আহ্বান জানান। বিশেষ করে যুবক-যুবতীদের এনসিসিতে যোগ দিয়ে শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনের পাশাপাশি দেশ গঠনের কাজে এগিয়ে আসার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানের সূচনায় এনসিসি ক্যাডেটরা পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা ডা. বিশাল কুমারকে গার্ড অব অনার প্রদান করে সম্মান জানান। এরপর আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সীমান্ত এলাকার উন্নয়ন, নিরাপত্তা এবং যুবসমাজের ইতিবাচক ভূমিকা নিয়ে তাঁদের মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তা অসিত কুমার দাস, ভাগলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জুরন সরকার, উপপ্রধান গৌতম বিন, প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস এবং বিশিষ্ট সমাজসেবী শিবেন্দ্র দাস প্রমুখ।

অনুষ্ঠানে ১৩ ত্রিপুরা ব্যাটালিয়ন এনসিসির কমান্ডিং অফিসার কর্নেল নবপ্রীত সিং বাথ ধন্যবাদসূচক বক্তব্য রাখেন। তিনি অনুষ্ঠানে উপস্থিত অতিথি, স্থানীয় জনগণ এবং কর্মসূচির সঙ্গে যুক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শুধু আনুষ্ঠানিক বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল না এই কর্মসূচি। স্থানীয় জনগণ ও যুবসমাজের মধ্যে সচেতনতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে দিনভর বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিল বসে আঁকো প্রতিযোগিতা, বৃক্ষরোপণ কর্মসূচি এবং স্বাস্থ্য শিবির। বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বার্তা দিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয় স্বাস্থ্য শিবিরেরও।

এছাড়া অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয়দের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে।

সার্বিকভাবে ভাগলপুরে আয়োজিত এই ভাইব্র্যান্ট ভিলেজ প্রোগ্রাম-২০২৬ সীমান্ত এলাকার নিরাপত্তা, সামাজিক সম্প্রীতি, পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্য সচেতনতা এবং যুবসমাজের দেশাত্মবোধ জাগ্রত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিশেষ তাৎপর্য বহন করে। সামরিক বাহিনী, প্রশাসন, এনসিসি এবং স্থানীয় জনগণের পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে সীমান্তবর্তী গ্রামগুলির উন্নয়নের বার্তাই উঠে আসে এই কর্মসূচিতে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *