iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে মোহনপুরে বিজেপির বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

মোহনপুর, ২৮ নভেম্বর  : রাজ্যের মন্ত্রী তথা মোহনপুরের বিধায়ক রতনলাল নাথকে কেন্দ্র করে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর কথিত অশালীন মন্তব্য ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়াল মোহনপুরে। ওই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে শনিবার বিকেলে পথে নামল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ২ নং মোহনপুর মণ্ডল কমিটির উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে সরব হয়ে ওঠে এলাকার রাজনৈতিক পরিবেশ।

এদিন বিকেলে মোহনপুর মণ্ডল কার্যালয় সংলগ্ন এলাকা থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়। মিছিলটি ইলেকট্রিক অফিস রোড অতিক্রম করে তারানগরের ১০৮বি জাতীয় সড়কে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষোভকারীরা সিপিআইএম-এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। পরবর্তীতে তাঁর কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানান বিজেপি কর্মী-সমর্থকরা।

বিজেপি নেতা জয়লাল দাসের অভিযোগ, গত ২৭ নভেম্বর রাজ্যের পুর ও নগর সংস্থার নির্বাচনকে কেন্দ্র করে ভোটগ্রহণের পর আয়োজিত সাংবাদিক সম্মেলনে জিতেন্দ্র চৌধুরী মন্ত্রী রতনলাল নাথকে নিয়ে আপত্তিকর ও অশালীন মন্তব্য করেছেন। একজন নির্বাচিত জনপ্রতিনিধি তথা রাজ্যের মন্ত্রীকে নিয়ে এ ধরনের মন্তব্য রাজনৈতিক শালীনতার পরিপন্থী বলে দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ কিংবা অসম্মানজনক মন্তব্য কখনোই কাম্য নয়।

এদিনের প্রতিবাদ কর্মসূচি থেকে বিজেপি নেতৃত্ব স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, রাজনৈতিক বিরোধিতার নামে ব্যক্তিগত আক্রমণ এবং কুরুচিকর মন্তব্যের সংস্কৃতি বন্ধ হওয়া প্রয়োজন। জিতেন্দ্র চৌধুরীকে অবিলম্বে তাঁর কথিত মন্তব্য প্রত্যাহার করে নেওয়ার দাবিও জানানো হয়।

তবে বিজেপি নেতৃত্বের হুঁশিয়ারি, এই দাবি উপেক্ষা করা হলে আগামী দিনে আন্দোলনের মাত্রা আরও বাড়ানো হবে। প্রয়োজনে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর বাসভবন ঘেরাও করেও বৃহত্তর আন্দোলনে নামবে দল। সব মিলিয়ে পুর নির্বাচনের পরবর্তী রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই মন্ত্রী রতনলাল নাথকে ঘিরে মন্তব্যের প্রতিবাদে মোহনপুরে বিজেপির এই কর্মসূচি রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *