বিজাপুর, ২৬ নভেম্বর : ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নকশালদের ফেলে যাওয়া দু’টি ঘাঁটি থেকে ড্রোন, ওয়্যারলেস সেট, ল্যাপটপ-সহ বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক ও বৈদ্যুতিন সরঞ্জাম উদ্ধার করল নিরাপত্তা বাহিনী। বুধবার পামেড় থানার অন্তর্গত কোরাগুট্টা এবং আওয়াপল্লি থানা এলাকার পেদ্দাপুন্নুর জঙ্গলে পৃথক অভিযানে এই ডাম্পগুলির সন্ধান মেলে। উদ্ধার হওয়া সরঞ্জাম থেকে নকশালদের নজরদারি ও যোগাযোগ ব্যবস্থায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়টি সামনে এসেছে।
নকশাল হিংসার দাপট কমার পর জঙ্গলে তাদের পুরনো ডেরাগুলি থেকে একের পর এক অস্ত্র ও প্রযুক্তিগত সরঞ্জাম উদ্ধার হচ্ছে। নিরাপত্তা বাহিনীর দাবি, নকশালরা শুধু আগ্নেয়াস্ত্রের উপর নির্ভর করত না, যোগাযোগ রক্ষা এবং নিরাপত্তা বাহিনীর গতিবিধির উপর নজর রাখতেও আধুনিক প্রযুক্তি ব্যবহার করত।
পামেড় থানার কোরাগুট্টা এলাকার ঘাঁটি থেকে ১৪টি ভিএইচএফ (ভেরি হাই ফ্রিকোয়েন্সি) এবং একটি ইউএইচএফ (আলট্রা হাই ফ্রিকোয়েন্সি) ওয়্যারলেস সেট উদ্ধার হয়েছে। পাশাপাশি পাওয়া গিয়েছে ডিজেআই ম্যাভিক-২ এন্টারপ্রাইজ ড্রোন ও একটি ল্যাপটপ। ড্রোনে লাগানো ক্যামেরার সাহায্যে উঁচু থেকে জঙ্গল, যাতায়াতের পথ এবং আশপাশের এলাকার গতিবিধি পর্যবেক্ষণ করা সম্ভব হত বলে মনে করা হচ্ছে। মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকা দুর্গম এলাকায় বিভিন্ন দলের মধ্যে যোগাযোগ রাখতেও ওয়্যারলেস সেটগুলি ব্যবহার করা হত।
ওই ঘাঁটি থেকে অ্যান্টেনা, ব্যাটারি, পিসিবি বক্স এবং সোল্ডারিংয়ের সরঞ্জামও উদ্ধার হয়েছে। তদন্তকারীদের মতে, বৈদ্যুতিন সার্কিট ও যোগাযোগের যন্ত্র তৈরি বা মেরামতের কাজে এগুলি ব্যবহার করা হয়ে থাকতে পারে।
অন্যদিকে, আওয়াপল্লি থানা এলাকার পেদ্দাপুন্নুর জঙ্গলে পাওয়া দ্বিতীয় ঘাঁটি থেকে উদ্ধার হয়েছে দু’টি ভরমার বন্দুক, একে-৪৭, এসএলআর ও ইনসাসের জীবন্ত কার্তুজ এবং টিফিন বোমা।
বস্তার রেঞ্জের আইজি বদ্রিনারায়ণ মীনা উদ্ধার হওয়া সরঞ্জামের বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর বক্তব্য, ড্রোন ও ওয়্যারলেস সেট নকশালদের যোগাযোগ ব্যবস্থার অংশ ছিল। নিরাপত্তা বাহিনীর উপর নজরদারি এবং হামলার সময় এগুলি ব্যবহার করা হত।
নকশাল হিংসামুক্ত এলাকায় মাইন অপসারণের অভিযানের সময় এখনও বিভিন্ন জায়গা থেকে অস্ত্র, বিস্ফোরক ও প্রযুক্তিগত সরঞ্জাম উদ্ধার হচ্ছে। এ ধরনের কোনও নকশাল ডাম্পের সন্ধান পেলে দ্রুত পুলিশকে খবর দেওয়ার আবেদন জানিয়েছেন আইজি।

