বালুরঘাট (দক্ষিণ দিনাজপুর), ২৫ নভেম্বর : বুধবার সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল দু’টি কেকের দোকান। আগুন ছড়িয়ে পড়ায় পাশের আরও একটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিন ভোরে বালুরঘাটের ডানলপ মোড় এলাকায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে ওই দোকানগুলি থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা বেরোতে দেখেন এলাকাবাসী। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং দু’টি কেকের দোকানের ভেতরে থাকা সমস্ত সামগ্রী ও আসবাবপত্র সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রায় দু’ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে দমকল ও পুলিশের অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত দুই দোকানের মালিকের দাবি, এই অগ্নিকাণ্ডের জেরে তাঁদের প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।

