iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

ভিলেজ কমিটির ফল ঘোষণার পর সংঘাত নয়, শান্তি বজায় রাখার আহ্বান মন্ত্রী বিকাশ দেববর্মার

তেলিয়ামুড়া, ২ অক্টোবর  : ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে রাজ্যের কোথাও যাতে রাজনৈতিক সংঘর্ষ, উত্তেজনা কিংবা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, তার জন্য সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ব, কর্মী ও সমর্থকদের সংযত থাকার আহ্বান জানালেন জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা। বিশেষ করে জনজাতি অধ্যুষিত ও পাহাড়ি এলাকাগুলিতে ফলাফল ঘোষণার পর শান্তি-শৃঙ্খলা বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দেন তিনি।

শুক্রবার বিজেপির ২৯ কৃষ্ণপুর মণ্ডল কার্যালয়ে জনজাতি মোর্চার উদ্যোগে আয়োজিত  বিশেষ সাংগঠনিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে এই আবেদন জানান মন্ত্রী। বৈঠকে জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা ছাড়াও মণ্ডলের সাধারণ সম্পাদক ওয়াথরাই মলসুম, শক্তিকেন্দ্রের নেতৃত্ব, বুথ কমিটির সদস্য এবং দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফল প্রকাশের পর দলীয় কর্মীদের ভূমিকা এবং সামগ্রিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। আগামী ৫ অক্টোবর ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার কথা রয়েছে। ফলাফল ঘোষণাকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও তা যেন কোনওভাবেই সংঘাতের রূপ না নেয়, সেই বিষয়ে দলীয় নেতা-কর্মীদের সতর্ক করেন বিকাশ দেববর্মা।

মন্ত্রী বলেন, নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। নির্বাচনে কেউ জয়ী হবেন, আবার কেউ পরাজিত হবেন—এটাই গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক নিয়ম। ফলাফল নিয়ে রাজনৈতিক মতপার্থক্য বা প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে। কিন্তু সেই প্রতিদ্বন্দ্বিতা যেন হিংসা, উত্তেজনা বা সংঘর্ষে পরিণত না হয়, সেদিকে প্রত্যেক রাজনৈতিক দলের নেতা-কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শুধু বিজেপি-র কর্মী-সমর্থকদের নয়, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্ব, কর্মী ও সমর্থকদের প্রতিও শান্তি বজায় রাখার আবেদন জানান তিনি। বিশেষ করে জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে যাতে কোনও ধরনের উত্তেজনা ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে সকলকে সতর্ক থাকার বার্তা দেন মন্ত্রী।

বৈঠকে দলের সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা হয়। বিভিন্ন শক্তিকেন্দ্র ও বুথস্তরের নেতৃত্বকে নির্বাচনের ফলাফল ঘোষণার পর পরিস্থিতির উপর নজর রাখার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলার পরামর্শ দেওয়া হয়। কোনও ধরনের গুজব বা উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হলে তাতে না জড়িয়ে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি মোকাবিলার উপর গুরুত্ব দেওয়া হয়।

এদিনের বৈঠক থেকে সাধারণ মানুষের প্রতিও সংযত থাকার আহ্বান জানানো হয়। নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, তাকে কেন্দ্র করে যাতে কোনও ব্যক্তি বা গোষ্ঠী আইন নিজের হাতে তুলে না নেয় এবং সামাজিক সম্প্রীতি নষ্ট না হয়, সেই বিষয়ে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়।

উল্লেখ্য, ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন এলাকায় রাজনৈতিক দলগুলির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আগামী ৫ অক্টোবর ফলাফল প্রকাশের পর সেই প্রতিদ্বন্দ্বিতার প্রভাব যাতে কোনওভাবেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর না পড়ে, সেটিই এখন রাজনৈতিক নেতৃত্বের সামনে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। শুক্রবার কৃষ্ণপুর মণ্ডল কার্যালয়ের বৈঠক থেকে মন্ত্রী বিকাশ দেববর্মার বক্তব্যেও সেই শান্তি ও সংযমের বার্তাই বিশেষভাবে উঠে আসে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *