iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, আজ শুষ্ক থাকবে আবহাওয়া

কলকাতা, ১৮ নভেম্বর : আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে আগামী দু’-এক দিনের মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বদল আসতে পারে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি ও বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে।
বুধবার আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরের দক্ষিণ-মধ্য ও পশ্চিম-মধ্য অংশে তৈরি গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘আকভান’-এ পরিণত হয়েছে। সেটি উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আগামী ২০ নভেম্বর অন্ধ্রপ্রদেশের উপকূলে নেল্লোর ও টুনির মধ্যবর্তী এলাকায় ঝড়টির পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। সরাসরি পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা না থাকলেও এর প্রভাবে রাজ্যে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকতে পারে।
বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ থেকে ২৯ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৬০ থেকে ৭৭ শতাংশের কাছাকাছি থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও মালদহ-সহ বিভিন্ন জেলায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। তবে সকালে কোথাও কোথাও হালকা কুয়াশা বা ধোঁয়াশা দেখা যেতে পারে। রাত ও ভোরে হালকা ঠান্ডাও অনুভূত হবে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে ১৯ থেকে ২১ নভেম্বর দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে।
সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। বাংলা ও ওড়িশা উপকূলে সমুদ্রে বড় ঢেউ উঠতে পারে। তাই আপাতত গভীর সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *