iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

ডামরায় বালি বোঝাই ট্রাক্টর আটকে বিজেপি নেতাদের বিক্ষোভ, চালানের গন্তব্য নিয়ে বিতর্ক

আসানসোল, ১৮ নভেম্বর : চালানে গন্তব্য পুরুলিয়া উল্লেখ থাকলেও বালি খালাস করা হবে আসানসোলে! এই অভিযোগকে কেন্দ্র করে বুধবার সকালে আসানসোলের ডামরায় বজরংবলীর মন্দিরের কাছে উত্তেজনা ছড়ায়। তিরাটের মলয় পাঁজার বালিঘাট থেকে আসা একাধিক বালি বোঝাই ট্রাক্টর আটকে চালান পরীক্ষা করেন বিজেপি মণ্ডল-৩-এর স্থানীয় নেতারা।
বিজেপি নেতাদের অভিযোগ, চালানে পুরুলিয়ার নাম থাকলেও ট্রাক্টরগুলি আসানসোলে বালি নিয়ে আসছে কেন? পাশাপাশি, গ্রামের ভিতর দিয়ে যাওয়া এই রাস্তার পাশে স্কুল ও জনবসতি থাকায় দুর্ঘটনার আশঙ্কাও প্রকাশ করেন তাঁরা। তাঁদের দাবি, ট্রাক্টরগুলিকে বিকল্প রাস্তা দিয়ে নিয়ে যেতে হবে।
অন্যদিকে, ট্রাক্টর চালকদের দাবি, তাঁদের কাছে বৈধ চালান রয়েছে এবং নিয়ম মেনেই বালি পরিবহণ করা হচ্ছে। আসানসোলে বালি খালাস করার জন্যই এই রাস্তা ব্যবহার করছেন তাঁরা।
দুই পক্ষের মধ্যে বচসা শুরু হলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বিএলআরও দফতরের আধিকারিকরা। চালানের গন্তব্য নিয়ে প্রশ্নের উত্তরে আধিকারিকরা জানান, আসানসোলে বালি খালাস করতে হলে চালানে সেই গন্তব্য উল্লেখ থাকা বাধ্যতামূলক। দুই পক্ষকে পরবর্তী শুনানির জন্য বিএলআরও দফতরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের লিখিত অভিযোগ জানানোর পরামর্শও দেন আধিকারিকরা। প্রশাসনিক হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *