iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

তৃণমূল আমলে তাড়া খেয়ে জঙ্গলে আশ্রয়, পালাবদলে মানত পূরণ করতে পানাগড়ে ছটপুজো বিজেপি নেত্রী শর্মিলা দাসের

দুর্গাপুর, ১৭ নভেম্বর : পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস জমানায় রাজনৈতিক সন্ত্রাসের শিকার হয়ে ২০২১ সালে প্রাণ বাঁচাতে তাড়া খেয়ে জঙ্গলে আশ্রয় নিতে হয়েছিল। সেই চরম বিপদের মুহূর্তেই ছঠি মাইয়ার কাছে মানত করেছিলেন। রাজ্যে পালাবদল ঘটতেই সেই মানত পূরণ করতে নিষ্ঠাভরে ছটপুজো করলেন বাঙালি গৃহবধূ তথা বিজেপি নেত্রী শর্মিলা দাস। সোমবার সকালে এমনই এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী থাকল শিল্পাঞ্চলের পানাগড়।

পূর্ব বর্ধমানের আউশগ্রামের অমরপুরের বাসিন্দা শর্মিলা দাস আউশগ্রাম ১ নম্বর মণ্ডলের বিজেপির সহ-সভাপতি। বাঙালি পরিবারের গৃহবধূ হয়েও রাজ্যে বিজেপির সরকার প্রতিষ্ঠার পর এবার নিষ্ঠার সঙ্গে ছট ব্রত পালন করলেন তিনি। সোমবার ভোরে দাদাকে সঙ্গে নিয়ে দুর্গাপুর-পানাগড় রেলওয়ে স্টেশন সংলগ্ন ছটঘাটে উপস্থিত হন শর্মিলাদেবী। সেখানে সমস্ত লোকাচার ও রীতি মেনে উদীয়মান সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে ছট মায়ের আরাধনা করেন তিনি।

শর্মিলাদেবীর দাবি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ভয়াবহ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছিল তাঁকে এবং তাঁর পরিবারকে। অভিযোগ, তৃণমূলের লোকজনের তাড়া খেয়ে প্রাণ বাঁচাতে জঙ্গলের পথ ধরে পালাতে হয়েছিল গোটা পরিবারকে। শুধু তাই নয়, তাঁর বাড়িতে তিনবার ভাঙচুর চালানো হয় এবং পরিবারের সদস্যদের ওপরও হামলা হয়। কার্যত দীর্ঘ পাঁচ বছর ধরে গৃহবন্দি জীবন কাটাতে হয়েছিল তাঁদের।

এদিন পুজো শেষে শর্মিলাদেবী জানান, “২০১৯ এবং ২০২১ সালে আমাদের ওপর অকথ্য অত্যাচার হয়েছিল। মারধর করে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল। সেই কঠিন সময়েই ছট মায়ের কাছে মানত করেছিলাম, সুদিন ফিরলে এবং রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে ব্রত রেখে ছটপুজো করব। ছাব্বিশের পরিবর্তনের পর অবশেষে সেই মানত পূরণ করতে পেরে আমার খুব ভালো লাগছে।”

রাজনৈতিক মহলের মতে, এতদিন ছটপুজোকে ঘিরে রাজ্যে যে বাঙালি-অবাঙালি বিভাজনের আবহ তৈরি করা হয়েছিল, শর্মিলা দাসের এই ব্রত পালন সেই তত্ত্বকেই চ্যালেঞ্জ জানাল। গেরুয়া শিবিরের দাবি, ছটপুজো কোনও নির্দিষ্ট ভাষা বা অঞ্চলের উৎসব নয়, এটি সর্বজনীন ভক্তি ও বিশ্বাসের উৎসব।

এদিন শর্মিলাদেবীর পাশে দাঁড়িয়ে দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “বহু আত্মত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে রাজ্যে সনাতনীদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। শর্মিলা দাস নিজের দীর্ঘদিনের মানত পূরণ করতেই আজ নিষ্ঠার সঙ্গে ছটের ব্রত পালন করেছেন। তাঁর এই পুজোর মধ্যে কোনও রাজনৈতিক প্রদর্শন নেই, রয়েছে কেবল বিশ্বাস ও ভক্তির প্রকাশ।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *