পানিহাটি, ১৬ নভেম্বর : বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে ফের উত্তপ্ত উত্তর ২৪ পরগনার পানিহাটি। সোদপুর সাইডিং বাজারে দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি থামাতে গিয়ে আক্রান্ত হয়ে মৃত্যু হল ১৪ নম্বর ওয়ার্ডের বিজেপি সম্পাদক রুমা সাহার স্বামী অরূপ সাহার। তাঁকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। অসুস্থ অবস্থায় তাঁকে কামারহাটির সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
অভিযোগ, সোদপুর বাজারে কয়েকজন যুবকের অশালীন আচরণের প্রতিবাদ করায় এক ব্যবসায়ীর সঙ্গে তাঁদের বচসা শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রুমা সাহা ও তাঁর স্বামী। সেই সময়ই দু’পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। তাতেই অসুস্থ হয়ে পড়েন অরূপ।
রবিবার সকালে মৃতের বাড়িতে যান পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ-সহ বিজেপি নেতৃত্ব। এই ঘটনায় জেলা সভাপতি চণ্ডীচরণ রায়ের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলেন বিধায়ক। তাঁর দাবি, বাইরে থেকে আসা কিছু নেতার মদতেই এলাকায় অশান্তি ছড়াচ্ছে। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অন্যদিকে, রুমা সাহার অভিযোগ, রাজদীপ-সহ কয়েকজন এই ঘটনায় জড়িত। ১৪ নম্বর ওয়ার্ডের ননী নামে এক ব্যক্তির বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন তিনি। অভিযুক্তদের নাম থানায় জানানো হয়েছে বলে দাবি তাঁর। তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি।

