iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

ছিনাইহানি মহাশ্মশানের সৌন্দর্যায়নের উদ্বোধন, শীঘ্রই চালু হবে বৈদ্যুতিক চুল্লি : মেয়র দীপক মজুমদার

আগরতলা, ৯ জুন : আগরতলা পুর নিগমের উদ্যোগে বড়জলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ছিনাইহানি মহাশ্মশানের সংস্কার ও সৌন্দর্যায়নের কাজ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার নবকলেবরে সজ্জিত এই মহাশ্মশানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডাঃ দিলীপ দাস, আগরতলা পুর নিগমের নর্থ জোনের জোনাল চেয়ারম্যান তথা কর্পোরেটর প্রদীপ চন্দ, ২ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শর্মিষ্ঠা বর্ধন, পুর নিগমের কমিশনার মানিক চাকমা, এলাকার কর্পোরেটর তথা এমআইসি সদস্য জগদীশ দাস এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, ছিনাইহানি মহাশ্মশানের সংস্কার ও সৌন্দর্যায়নের উদ্যোগ গ্রহণ করেছেন এলাকার কর্পোরেটর তথা এমআইসি সদস্য জগদীশ দাস। এলাকাবাসীর দীর্ঘদিনের চাহিদাকে গুরুত্ব দিয়েই এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে। তিনি বলেন, একটি সভ্য ও মানবিক সমাজ গড়ে তুলতে জীবনের শেষযাত্রার স্থানগুলিকেও সম্মানজনক ও আধুনিক পরিকাঠামোর আওতায় নিয়ে আসা জরুরি।

মেয়র জানান, শুধুমাত্র ছিনাইহানি মহাশ্মশান নয়, আগরতলা পুর নিগমের অধীনস্থ বটতলা মহাশ্মশানসহ শহরের সব শ্মশান, সংখ্যালঘু সম্প্রদায়ের কবরস্থান, রাজ শ্মশান এবং দেবনাথ সমাজের সমাধিস্থলগুলিরও সংস্কার ও উন্নয়নের কাজ সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি মৃত পশুদের দাহকার্যের জন্য হাঁপানিয়া এলাকায় একটি আধুনিক পশু শ্মশানও নির্মাণ করা হয়েছে।

তিনি আরও জানান, আগামী তিন মাসের মধ্যেই ছিনাইহানি মহাশ্মশানে বৈদ্যুতিক চুল্লির মাধ্যমে শবদাহ পরিষেবা চালু করা হবে। এর ফলে পরিবেশবান্ধব ও আধুনিক পদ্ধতিতে শেষকৃত্য সম্পন্ন করা সম্ভব হবে। একই সঙ্গে বটতলা মহাশ্মশানে বিদ্যমান পরিকাঠামো আরও শক্তিশালী করতে সেখানে অতিরিক্ত দুটি বৈদ্যুতিক চুল্লি স্থাপনের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

এলাকার কর্পোরেটর জগদীশ দাস বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা মহাশ্মশানের উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবি পূরণ করতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন। সংস্কারের ফলে মহাশ্মশানের পরিকাঠামো যেমন উন্নত হয়েছে, তেমনি সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সুযোগ-সুবিধাও বৃদ্ধি পেয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন। বহুদিনের দাবি বাস্তবায়িত হওয়ায় তাঁরা আগরতলা পুর নিগম এবং সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এলাকাবাসীর মতে, সংস্কার ও সৌন্দর্যায়নের ফলে ছিনাইহানি মহাশ্মশান এখন অনেক বেশি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল এবং আধুনিক রূপ লাভ করেছে, যা ভবিষ্যতে সাধারণ মানুষের কাজে বিশেষভাবে সহায়ক হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *