পুণে, ৪ নভেম্বর : শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় পুণের রুবি হল ক্লিনিক থেকে ছাড়া পেলেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি-এসপি)-র প্রতিষ্ঠাতা তথা প্রবীণ রাজনীতিক শরদ পাওয়ার। বুকে ব্যথা ও কাশির সমস্যার কারণে দু’দিন আগে, গত সোমবার তাঁকে ওই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থা বর্তমানে সম্পূর্ণ স্থিতিশীল রয়েছে। চিকিৎসকদের সবুজ সংকেত পাওয়ার পর বুধবার সকালে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তবে আপাতত কয়েকদিন তাঁকে পর্যাপ্ত বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে খবর, শরদ পওয়ার এখন অনেকটাই ভালো আছেন।শরদ পওয়ারের পারিবারিক বন্ধু বিঠল মানিয়ার বলেন, “তাঁর স্বাস্থ্য খুবই ভালো; কোনও গুরুতর সমস্যা নেই। দুদিন আগে তাঁর কাশি ও কিছুটা শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিয়েছিল, তাই হাসপাতালে ভর্তি করা হয়। তিনি নিজের স্বাস্থ্যের ব্যাপারে সবসময়ই খুব সচেতন, তাই তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার (চেক-আপ) জন্য এসেছিলেন। সব পরীক্ষার রিপোর্টই ভালো এসেছে—সেখানে উদ্বেগের মতো কিছুই নেই। ওই সমস্যাগুলোর জন্য তাঁর কিছু চিকিৎসার প্রয়োজন ছিল, আর সবচেয়ে বড় কথা, তাঁর কিছুটা বিশ্রামের প্রয়োজন ছিল।”

