iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

মোহনপুরে কয়েক যুগ ধরে বেহাল রাস্তা ও বেইলি ব্রিজ, দ্রুত সংস্কারের দাবি

আগরতলা, ২৮ জুলাই  : কয়েক যুগ ধরে সংস্কার না হওয়ায় মোহনপুর মহকুমার বামুটিয়া ব্লকের অধীন পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের নোয়াগাঁও থেকে তালতলা বিদ্যালয়গামী রাস্তা এবং একটি বেইলি ব্রিজ চরম বেহাল অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা অবহেলিত থাকায় প্রতিদিনই দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকার ছাত্র-ছাত্রী, কৃষক এবং সাধারণ মানুষ।

স্থানীয়দের অভিযোগ, রাস্তার বিভিন্ন অংশ ভেঙে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদায় পরিণত হয়, ফলে হাঁটা কিংবা যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। একইসঙ্গে রাস্তার ওপর অবস্থিত বেইলি ব্রিজটিও দীর্ঘদিন ধরে মেরামতের অভাবে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এতে যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন বাসিন্দারা।

এলাকাটি কৃষিপ্রধান হওয়ায় প্রতিদিন কৃষকদের এই রাস্তা ব্যবহার করে জমিতে যাতায়াত করতে হয়। পাশাপাশি নোয়াগাঁও ও আশপাশের এলাকার বহু ছাত্র-ছাত্রী তালতলা বিদ্যালয়ে পড়াশোনার জন্য এই পথেই যাতায়াত করে। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। কাদা ও জল জমে রাস্তা কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়ায় নিত্যদিন ভোগান্তি পোহাতে হচ্ছে সকলকে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বিষয়টি নিয়ে একাধিকবার জনপ্রতিনিধি, পঞ্চায়েত প্রধান এবং প্রাক্তন বিধায়কের কাছে জানানো হয়েছে। বহুবার রাস্তা সংস্কারের আশ্বাস মিললেও বাস্তবে কোনও কাজ হয়নি। প্রতিবছরই প্রকল্প অনুমোদনের কথা শোনা গেলেও কাজের অগ্রগতি দেখা যায়নি বলে অভিযোগ তাঁদের।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষুব্ধ এলাকাবাসী বলেন, রাজনৈতিক পালাবদল হলেও তাঁদের সমস্যার কোনও সমাধান হয়নি। “বামে যা, রামেও তাই”—এই মন্তব্য করে তাঁরা জানান, শুধু প্রতিশ্রুতি মিলেছে, কিন্তু বাস্তবে রাস্তা ও বেইলি ব্রিজের সংস্কার হয়নি। এলাকাবাসীর একটাই দাবি, দ্রুত রাস্তা ও বেইলি ব্রিজ সংস্কারের উদ্যোগ গ্রহণ করে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করুক সংশ্লিষ্ট দফতর।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *