iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

মহিলা সংরক্ষণ বিল নিয়ে আগরতলায় বিধানসভা অভিযান, পুলিশের সঙ্গে মহিলা কংগ্রেস কর্মীদের ধস্তাধস্তি

আগরতলা, ৩০ এপ্রিল  : মহিলা সংরক্ষণ বিল অবিলম্বে কার্যকর করার দাবিতে বৃহস্পতিবার আগরতলায় প্রদেশ মহিলা কংগ্রেসের ডাকা বিধানসভা অভিযান ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হওয়া মিছিল পুলিশ আটকে দিলে মহিলা কংগ্রেস কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে পোস্ট অফিস চৌমুহনী এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

জানা যায়, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল থেকেই কংগ্রেস ভবনের সামনে জড়ো হতে থাকেন মহিলা কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। নির্ধারিত সময়ে মিছিল শুরু করার চেষ্টা করা হলে পুলিশ ব্যারিকেড দিয়ে পথ রোধ করে। এরপরই মিছিলকারীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে ধস্তাধস্তিতে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কড়া অবস্থান নেয় এবং মিছিলটি এগুতে দেয়নি।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী বলেন, ২০২৩ সালে লোকসভা ও রাজ্যসভায় মহিলা সংরক্ষণ বিল পাস হলেও তা এখনও কার্যকর করা হয়নি। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে বিলটি কার্যকর করতে গড়িমসি করছে এবং পরবর্তীতে সংশোধনী আনার চেষ্টা করলেও তা সংসদে প্রয়োজনীয় সমর্থন পায়নি।

তিনি আরও দাবি করেন, সংশোধনী বিল পাস করাতে ব্যর্থ হওয়ার পর কেন্দ্র ও বিজেপি বিরোধী দলগুলিকে দোষারোপ করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। এর প্রতিবাদ জানাতেই এই বিধানসভা অভিযান সংগঠিত করা হয়েছে বলে জানান তিনি। তবে শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়াকে তিনি গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী বলে অভিহিত করেন।

এদিকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা বজায় রাখতেই মিছিলটি নির্দিষ্ট এলাকায় আটকে দেওয়া হয়েছিল। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেই কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। মহিলা সংরক্ষণ বিল দ্রুত কার্যকর করার দাবিতে আগামীদিনেও আন্দোলন জোরদার করার হুঁশিয়ারি দিয়েছে প্রদেশ মহিলা কংগ্রেস।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *