iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

নির্মীয়মাণ বাড়ি থেকে রড চুরি, ওঁত পেতে ধরে ফেললেন মালিক

আগরতলা, ৪ এপ্রিল : রাজধানী আগরতলায় প্রকাশ্য দিবালোকে চুরির ঘটনা বেড়েই চলেছে। পুরনো জিনিসপত্র সংগ্রহের আড়ালে একদল যুবক বাড়িঘর এবং সরকারি নির্মাণ কাজের সামগ্রী চুরি করে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। শনিবার কৃষ্ণনগরের প্রগতি রোড এলাকায় এমনই এক চুরির ঘটনায় যুবককে হাতেনাতে ধরে ফেলেন বাড়ির মালিক ও স্থানীয় বাসিন্দারা।

জানা গেছে, এদিন ধৃত যুবকের কাছ থেকে বেশ কিছু চুরি করা লোহার রড উদ্ধার করা হয়। স্থানীয়দের অভিযোগ, এই চক্রের সদস্যরা কাঁধে ব্যাগ ঝুলিয়ে রাস্তায় পুরনো জিনিসপত্র ও প্লাস্টিকের বোতল সংগ্রহের ভান করে ঘুরাফেরা করে। কিন্তু সুযোগ পেলেই নির্মাণ সামগ্রী ব্যাগে ভরে নিয়ে চম্পট দেয়।

এর আগে, স্মার্ট সিটি প্রকল্পের কাজ চলাকালীন গণরাজ চৌমুহনী এলাকা থেকেও এমন দুই চোরকে হাতেনাতে ধরে পূর্ব আগরতলা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। যদিও ওই ঘটনাকে ঘিরে সামাজিক মাধ্যমে অপহরণের গুজব ছড়িয়ে পড়ে, যা পরে ভ্রান্ত বলে প্রমাণিত হয়।

এদিনের ঘটনায় জানা যায়, কৃষ্ণনগরের প্রগতি রোড এলাকায় বাড়ি নির্মাণ করছেন স্থানীয় বাসিন্দা স্বপন চক্রবর্তী। তাঁর অভিযোগ, গত কয়েকদিন ধরে তাঁর নির্মীয়মাণ বাড়ি থেকে নিয়মিত লোহার রড ও অন্যান্য সামগ্রী চুরি হচ্ছিল। অবশেষে শনিবার তিনি ওঁত পেতে থাকেন এবং রড নিয়ে পালানোর সময় জনৈক যুবককে হাতেনাতে ধরে ফেলেন।

স্বপন চক্রবর্তী জানান, এ ধরনের চোরদের প্রায়শই ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হলেও আদালত থেকে তাঁরা সহজেই জামিনে ছাড়া পেয়ে যায়। ফলে তাঁদের দৌরাত্ম্য কমছে না। তিনি প্রশ্ন তোলেন, এই পরিস্থিতিতে সাধারণ মানুষ কিভাবে নিরাপদ থাকবে।

ধৃত যুবক জানিয়েছে, তাঁর বাড়ি মোহনপুর এলাকায়। পরে তাঁকে পশ্চিম আগরতলা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে প্রগতি রোড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *