iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

বটতলা ফ্লাইওভারের নিচে নেশার আসরে রক্তপাত, গুরুতর আহত ব্যক্তি জিবিপি হাসপাতালে

আগরতলা, ১৮ জুন : রাজধানী আগরতলা শহরের বটতলা এলাকার ফ্লাইওভারের নিচে নেশার আসরে সংঘর্ষে জনৈক যুবক গুরুতর আহত হয়েছে। বুধবার রাতের এই ঘটনায় আহত যুবক বর্তমানে জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত প্রায় ১২টা নাগাদ বটতলা ব্রিজ সংলগ্ন ফ্লাইওভারের নিচে কয়েকজন নেশাগ্রস্ত যুবকের জমায়েত হয়। ওই আসরে কোনও একটি বিষয়কে কেন্দ্র করে তাঁদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। মুহূর্তের মধ্যেই তা রূপ নেয় সংঘর্ষে। একাধিক নেশাগ্রস্ত যুবকের হামলায় গুরুতর আহত হন সঞ্জিত শীল নামে জনৈক ব্যক্তি।

ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় সঞ্জিত শীলকে উদ্ধার করে জিবিপি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

আহত সঞ্জিত শীল জানান, তিনি ফ্লাইওভারের পিলারের নিচে ঘুমিয়ে ছিলেন। ঘুমন্ত অবস্থায়ই তাকে আক্রমণ করা হয় বলে অভিযোগ করেন তিনি।

স্থানীয়দের দাবি, ঘটনার সময় বটতলা বাজারের কিছু ব্যবসায়ী বাজার শেষে বাড়ি ফেরার পথে ঘটনাটি প্রত্যক্ষ করেন এবং সেখানে ভিড় জমে যায়। তখনই হামলাকারীরা মহাশ্মশান দিকের পথে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, প্রায় আধা ঘণ্টারও বেশি সময় ধরে ওই এলাকায় উত্তেজনা ও হইচই চললেও নিকটবর্তী বটতলা ফাঁড়ি থেকে কোনও পুলিশ কর্মীকে ঘটনাস্থলে পৌঁছাতে দেখা যায়নি। প্রায় ৫০ মিটার দূরত্বে ফাঁড়ি থাকা সত্ত্বেও দ্রুত ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে পুরো ঘটনার চিত্র ধরা পড়েছে বলে জানা গেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে সূত্রের খবর।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *