iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

আগরতলায় বিষ্ণুপ্রিয়া মণিপুরী কৃষ্টি-সংস্কৃতি সংরক্ষণে তিন দিনের প্রদর্শনী ও সেমিনারের সূচনা

আগরতলা, ১৮ জুন : “সবকা সাথ, সবকা বিকাশ” বাস্তবায়িত হতে গেলে প্রতিটি জাতি-গোষ্ঠীর নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের বিকাশ অত্যন্ত জরুরি—এই মন্তব্য করেছেন ত্রিপুরার শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা। বৃহস্পতিবার রাজধানী আগরতলায় ভগৎ সিং যুব আবাসে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সামাজিক সাংস্কৃতিক সমিতির উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী প্রদর্শনী, সেমিনার ও সাংস্কৃতিক কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। উপস্থিত ছিলেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী সামাজিক সাংস্কৃতিক সমিতির সভানেত্রী অলকা সিনহা, সাধারণ সম্পাদক তথা কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উদ্বোধনী ভাষণে মন্ত্রী সান্ত্বনা চাকমা বলেন, রাজ্যের প্রতিটি জাতি ও জনজাতির নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে। সেই ভাষা-সংস্কৃতির সংরক্ষণ ও বিকাশে সকলকেই আরও বেশি যত্নবান হতে হবে। তাঁর মতে, সাংস্কৃতিক ঐতিহ্যকে সঙ্গে নিয়ে এগিয়ে গেলেই প্রকৃত অর্থে উন্নয়ন সম্ভব।

তিনি আরও বলেন, বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের সমৃদ্ধ কৃষ্টি-সংস্কৃতি দীর্ঘদিনের ঐতিহ্য বহন করছে। এই ধরনের প্রদর্শনী ও সেমিনার সেই ঐতিহ্যকে আরও সমৃদ্ধ ও প্রসারিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, তিন দিনব্যাপী এই কর্মসূচিতে বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের ঐতিহ্যবাহী হাতে বোনা পোশাক, বাঁশ ও বেতের তৈরি নানান শিল্পসামগ্রী প্রদর্শিত হচ্ছে। পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যা শনিবার পর্যন্ত চলবে। এই উদ্যোগকে কেন্দ্র করে স্থানীয় মহলে উৎসাহ ও আগ্রহের পরিবেশ তৈরি হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *