অনলাইন ডেস্ক, ১৭ জুন।। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) আগামী শুক্রবার সুইজারল্যান্ডের মধ্যাঞ্চলের বুর্গেনস্টক রিসোর্টে সই হওয়ার কথা রয়েছে বলে নিশ্চিত করেছে সুইস পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৬ জুন) তুর্কি বার্তা সংস্থা আনাদোলুকে দেওয়া এক বিবৃতিতে সুইস ফেডারেল ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স (এফডিএফএ) জানায়, সম্ভাব্য এই চুক্তি স্বাক্ষরকে ঘিরে গত কয়েক দিন ধরে যুক্তরাষ্ট্র, ইরান, পাকিস্তান ও কাতারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে তারা।
এফডিএফএর মুখপাত্র পিয়ের-আলাঁ এল্টশিঙ্গার বলেন, ‘বর্তমান পরিকল্পনা অনুযায়ী আগামী ১৯ জুন শুক্রবার নিডওয়ালডেন ক্যান্টনের বুর্গেনস্টকে সমঝোতা স্মারকটি সই হওয়ার কথা রয়েছে।’
সুইস পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈঠক ও স্বাক্ষর অনুষ্ঠানের স্থান হিসেবে বুর্গেনস্টকের প্রস্তাব দিয়েছিল মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইরানও এই স্থানটির প্রতি সম্মতি জানায়।
এল্টশিঙ্গার বলেন, ‘সুইজারল্যান্ড এই প্রক্রিয়ায় একটি সহায়ক বা সুবিধাদানকারী দেশের ভূমিকা পালন করছে। সুইস ভূখণ্ডে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার জন্য প্রয়োজনীয় কূটনৈতিক ও বাস্তবিক পরিবেশ নিশ্চিত করাই আমাদের কাজ।’
তবে সমঝোতা স্মারকের বিষয়বস্তু কিংবা স্বাক্ষর অনুষ্ঠানের বিস্তারিত সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি সুইস কর্তৃপক্ষ।
বিবৃতিতে বলা হয়, ‘এই মুহূর্তে স্বাক্ষর প্রক্রিয়া বা প্রস্তাবিত চুক্তির বিস্তারিত বিষয়ে অতিরিক্ত কোনো তথ্য দেওয়া সম্ভব নয়।’

