ইসলামপুর, ২৮ নভেম্বর : উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের নাম পরিবর্তন করে ‘ঈশ্বরপুর’ করার দাবি জোরালো হয়ে উঠেছে। বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-এর তরফে বৃহস্পতিবার শহরের বিভিন্ন এলাকায় এই দাবির সমর্থনে পোস্টার ও ব্যানার লাগানো হয়েছে। শহরের প্রবেশপথগুলিতে ‘ঈশ্বরপুর শহরে আপনাকে স্বাগত’ লেখা ব্যানারও টাঙানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে জেলায় রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে।
জানা গিয়েছে, বুধবার রাতে বিশ্ব হিন্দু পরিষদের কর্মী ও সমর্থকরা ইসলামপুর বাস টার্মিনাস, শ্রীকৃষ্ণপুর এবং আলিগঞ্জ-সহ শহরের বিভিন্ন এলাকায় পোস্টার ও ব্যানার লাগান। এর পাশাপাশি শহরে প্রবেশের প্রধান পথগুলিতে রাজ্য ও জাতীয় সড়কের ধারেও ‘ঈশ্বরপুরে স্বাগত’ লেখা ব্যানার লাগানো হয়েছে। বৃহস্পতিবার ভিএইচপি-র নেতা ও কর্মীরা এই প্রচার অভিযানের সমর্থনে রাস্তায় নামেন।
বিশ্ব হিন্দু পরিষদের জেলা সম্পাদক শশাঙ্ক গঙ্গোপাধ্যায় জানান, নির্বাচনের আগে ইসলামপুরে আয়োজিত একটি জনসভায় বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন শহরের নাম বদলে ঈশ্বরপুর করার আশ্বাস দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতেই সংগঠন এই প্রচার অভিযান চালাচ্ছে।
এদিকে, নাম পরিবর্তনের এই দাবির তীব্র বিরোধিতা করেছেন স্থানীয় বাম ও কংগ্রেস নেতারা। অন্যদিকে, জেলা বিজেপি নেতৃত্ব বিশ্ব হিন্দু পরিষদের এই দাবিকে সমর্থন জানিয়েছে। শহরের বিভিন্ন প্রান্তে পোস্টার ও ব্যানার লাগানোর পর থেকেই এই বিষয়টি নিয়ে গোটা এলাকায় জোর রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।

