iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

মায়ের শেষ দর্শনে পৈতৃক গ্রামে যোগী আদিত্যনাথ, শনিবার হরিদ্বারে শেষকৃত্য

পঞ্চুর, ২১ নভেম্বর : মায়ের মৃত্যুসংবাদ পাওয়ার পর শুক্রবার সন্ধ্যায় উত্তরাখণ্ডের পৈতৃক গ্রাম পঞ্চুরে পৌঁছলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বাড়িতে মায়ের নিথর দেহের সামনে দাঁড়িয়ে শেষ শ্রদ্ধা জানান তিনি। ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণের সময় আবেগ ধরে রাখতে পারেননি যোগী। তাঁর চোখও অশ্রুসজল হয়ে ওঠে। এই ঘটনায় গোটা গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
শুক্রবার বিকেল প্রায় পাঁচটা নাগাদ পৈতৃক বাড়িতে পৌঁছন যোগী আদিত্যনাথ। কিছুক্ষণ মায়ের দেহের সামনে নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। মুখ্যমন্ত্রীকে এভাবে শোকাহত দেখে সেখানে উপস্থিত আত্মীয়স্বজন ও গ্রামবাসীরাও কান্না ধরে রাখতে পারেননি। মায়ের শেষ দর্শন করতে পঞ্চুরে ভিড় জমাচ্ছেন আত্মীয় ও স্থানীয় বাসিন্দারা।
যোগীর মা সাবিত্রী দেবীর শুক্রবার সকাল প্রায় ১১টা নাগাদ ৮৯ বছর বয়সে পঞ্চুরের পৈতৃক বাড়িতেই মৃত্যু হয়। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। পরিবারের সদস্যদের কথায়, গত তিন বছর ধরে তাঁর শারীরিক অবস্থা ভালো ছিল না। চিকিৎসার জন্য তাঁকে ঋষিকেশের এইমস এবং জোলিগ্রান্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। দুইবারই মায়ের সঙ্গে দেখা করতে হাসপাতালে পৌঁছেছিলেন যোগী আদিত্যনাথ। চলতি বছরের ৭ মে-ও পঞ্চুরে গিয়ে মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছিলেন তিনি।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল প্রায় সাতটা নাগাদ সাবিত্রী দেবীর দেহ সড়কপথে হরিদ্বারে নিয়ে যাওয়া হবে। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। সেই অনুযায়ী প্রস্তুতি চলছে।
গ্রামবাসীরা জানিয়েছেন, সাবিত্রী দেবী সহজ-সরল ও মিশুকে স্বভাবের মানুষ ছিলেন। তাঁর পরিবারে চার ছেলে ও তিন মেয়ে। চার ছেলের মধ্যে বড় মানেন্দ্র সিং বিস্ত, দ্বিতীয় যোগী আদিত্যনাথ, তৃতীয় শৈলেন্দ্র মোহন বিস্ত এবং ছোট মহেন্দ্র সিং বিস্ত। তিন মেয়ের নাম পুষ্পা দেবী, কৌশল্যা দেবী ও শশী দেবী।
সাবিত্রী দেবীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। প্রয়াতের আত্মার শান্তি কামনায় বাবা কেদারনাথের কাছে প্রার্থনা করেছেন তিনি। যোগী আদিত্যনাথ ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ধামি বলেন, মায়ের স্নেহ, আশীর্বাদ ও মমতা জীবনের সবচেয়ে অমূল্য সম্পদ। এই কঠিন সময়ে শোক সামলানোর শক্তি দেওয়ার জন্যও প্রার্থনা করেন তিনি।
শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মন্ত্রিসভার সদস্য গণেশ জোশীও। যোগী আদিত্যনাথ ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন তিনি। পাশাপাশি নিজের দু’দিনের পূর্বনির্ধারিত কুমায়ুন সফর বাতিল করে পন্তনগর থেকে দেরাদুনে ফিরে যান জোশী। শনিবার হরিদ্বারে সাবিত্রী দেবীর শেষকৃত্যে উপস্থিত থেকে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে তাঁর।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *