iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

যে মাঠে ছোট ছোট পড়ুয়াদের দৌড়ঝাঁপ করার কথা, যে মাঠে খেলার ছলে আনন্দে মেতে ওঠার কথা শিশুদের, সেই মাঠেই মাথা তুলে দাঁড়িয়েছিল বিশাল দোতলা পাকা বাড়ি

ঝাড়্গ্রাম, ২৬ নভেম্বর : যে মাঠে ছোট ছোট পড়ুয়াদের দৌড়ঝাঁপ করার কথা, যে মাঠে খেলার ছলে আনন্দে মেতে ওঠার কথা শিশুদের, সেই মাঠেই মাথা তুলে দাঁড়িয়েছিল বিশাল দোতলা পাকা বাড়ি। অভিযোগ, স্কুলের জমি দখল করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেই বাড়ি তৈরি করেছিলেন স্থানীয় এক প্রাক্তন পঞ্চায়েত সদস্য। দীর্ঘদিন ধরে স্কুলের জমি দখলমুক্ত করার দাবি জানিয়ে আসছিলেন গ্রামবাসী ও বিদ্যালয় কর্তৃপক্ষ। অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই দোতলা বাড়িতে চলল প্রশাসনের বুলডোজার। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ নির্মাণ। ফিরে পাওয়ার আশায় বুক বাঁধছেন স্কুলের খেলার মাঠ।ঘটনাটি বিনপুর-১ নম্বর ব্লকের নেপুরা গ্রাম পঞ্চায়েতের খোসাগুড়ি প্রাথমিক বিদ্যালয়ের। বুধবার স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, স্কুলের নামে প্রায় ১.৯ একর জমি রেকর্ডভুক্ত রয়েছে। অভিযোগ, সেই জমির মধ্যে প্রায় এক একর জমি দখল করে রেখেছিলেন স্কুলেরই এলাকার প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য দীনেশ বেজ। শুধু জমি দখল নয়, সেখানে তৈরি করে ফেলেছিলেন বিশাল দোতলা পাকা বাড়ি। ফলে পড়ুয়াদের খেলাধুলার জায়গা কার্যত হারিয়ে গিয়েছিল। স্কুলের জমিতে এভাবে বাড়ি তৈরি হওয়ায় ক্ষোভ বাড়ছিল স্থানীয় বাসিন্দাদের মধ্যে। জমি উদ্ধারের দাবিতে সরব হন গ্রামবাসী ও স্কুল কর্তৃপক্ষ। জমির সঠিক সীমানা নির্ধারণ এবং দখলদারি সরানোর দাবিতে বিনপুর-১ নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে লিখিত আবেদন জানানো হয়। পরবর্তী সময়ে বিষয়টি গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত।
আদালতের নির্দেশে গত ২৮ আগস্ট ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে গিয়ে জমি মাপজোক করেন। জমির সীমানা নির্ধারণের পর দখল সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখা হয়। এরপর আদালতের নির্দেশ মেনেই এদিন বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় ব্লক প্রশাসন। প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হয় সেই দোতলা পাকা বাড়ি। দীর্ঘদিন ধরে যে জমি ফিরে পাওয়ার অপেক্ষায় ছিলেন স্কুল কর্তৃপক্ষ ও গ্রামবাসীরা, প্রশাসনের এই পদক্ষেপে তাঁদের সেই অপেক্ষার অবসান হল বলে মনে করছেন স্থানীয়রা। এবার স্কুলের পড়ুয়ারা আবার নিজেদের খেলার মাঠ ফিরে পাবে, এমনটাই আশা তাঁদের। তবে স্কুলের জমি দখলকে কেন্দ্র করে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এবিষয়ে ঝাড়্গ্রামের বিধায়ক লক্ষীকান্ত সাউ বলেন, তৃণমূলের আমলে সমস্ত অবৈধ জমি কবজা করা হয়েছে এবং তারা টাকা-পয়সা নিয়ে লোকেদের বাড়িঘর তৈরি করে দিয়েছে। আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সমস্ত মানুষের জমি ফ্রি করে দেওয়া হচ্ছে এবং অবৈধ নির্মাণ কোথাও থাকবে না এবং ইলিগ্যাল কনস্ট্রাকশন কোথাও থাকবে না। এটা আমাদের সরকারের জিরো টলারেন্স কমিটমেন্ট রয়েছে, সেইজন্য মাননীয় মুখ্যমন্ত্রীর আদেশ অনুসারে আমরা অ্যাকশন নিচ্ছি। এবং মহামান্য আদালতও নির্দেশ দিয়েছে এই সমস্ত কিছু ডিমোলিশ করার জন্য, এবং আগামী দিনেও এই লড়াই জারি থাকবে।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *