iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

সরকারি স্কুল বিক্রির অভিযোগ, কেষ্টপুরে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে বিক্ষোভ স্থানীয়দের

কলকাতা, ২৬ নভেম্বর : সরকারি স্কুল বিক্রি করে টাকা আত্মসাৎ করার অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের বিরুদ্ধে কেষ্টপুরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বুধবার বিধাননগর পুরনিগমের ১৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কেষ্টপুর এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। যদিও বিক্ষোভ চলাকালীন সংশ্লিষ্ট কাউন্সিলরের কোনো খোঁজ পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় ১৪-১৫ বছর আগে এলাকার একটি অঙ্গনওয়াড়ি স্কুলে হঠাৎ আগুন লেগে গিয়েছিল। তারপর থেকেই স্কুলের ভবনটি জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল। অভিযোগ, তৃণমূল কাউন্সিলর আশুতোষ নন্দী এই স্কুলটিই অন্য এক ব্যক্তির হাতে বিক্রি করে দিয়েছেন। বর্তমানে ওই স্কুলের কচিকাঁচা পড়ুয়াদের পঠনপাঠন এলাকার একটি ভগ্নপ্রায় ক্লাবঘরে চলছে। এর ফলে শিশুদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে রয়েছেন অভিভাবক ও এলাকাবাসী।
স্থানীয়দের দাবি, স্কুলের সেই পুরনো জমিতে এখন একটি কার্যালয় বা অফিস নির্মাণ করা হয়েছে। অভিযোগ, কাউন্সিলর যে ব্যক্তির কাছে স্কুলের জমি বিক্রি করেছিলেন, তিনিই সেখানে ওই কার্যালয়টি তৈরি করেছেন। বুধবার ওই কার্যালয়ের সামনেই জড়ো হয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা এবং কাউন্সিলরের বিরুদ্ধে স্লোগান দেন।
এক স্থানীয় বাসিন্দার অভিযোগ, এই এলাকায় অধিকাংশ মানুষই দরিদ্র পরিবারের এবং শিশুদের পড়াশোনার জন্য আগে এখানে স্কুলটি ছিল। অগ্নিকাণ্ডের পর কিছুদিন স্কুলটি বন্ধ ছিল, কিন্তু পরবর্তীকালে কাউন্সিলর আশুতোষ নন্দী তা বিক্রি করে দেন বলে অভিযোগ। ১০ থেকে ১৫ লক্ষ টাকার বিনিময়ে স্কুলটি বিক্রি করা হয়েছে বলে স্থানীয়দের দাবি।
এলাকাবাসীর দাবি, শিশুদের নিরাপত্তার কথা মাথায় রেখে অবিলম্বে স্কুলটিকে তার পুরনো জায়গায় ফিরিয়ে এনে পুনরায় চালু করতে হবে। তবে এই গোটা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কাউন্সিলরের তরফে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *