নয়াদিল্লি, ২৬ নভেম্বর : দেশের পরিকাঠামো, বন্দর এবং যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণে তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্পে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অসমের শিলচরে নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণ, কামারাজার বন্দরে দ্বিতীয় কন্টেইনার টার্মিনাল তৈরি এবং ডাক পরিষেবা প্রকল্পের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদিত তিনটি প্রধান সিদ্ধান্ত হলো: শিলচরে গ্রিনফিল্ড বিমানবন্দর: অসমের শিলচরের ডলুতে একটি নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই প্রকল্পের জন্য আনুমানিক ২,০১৪ কোটি টাকা ব্যয় ধার্য করা হয়েছে। এর ফলে বরাক উপত্যকা তথা উত্তর-পূর্ব ভারতের আকাশপথে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে।
কামারাজার বন্দরে দ্বিতীয় কন্টেইনার টার্মিনাল: কামারাজার পোর্ট লিমিটেডে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলের অধীনে ডিজাইন, বিল্ড, ফাইন্যান্স, অপারেট অ্যান্ড ট্রান্সফার ভিত্তিতে দ্বিতীয় কন্টেইনার টার্মিনাল নির্মাণের প্রস্তাবে সবুজ সংকেত দেওয়া হয়েছে। এর ফলে দেশের পণ্য পরিবহন ও বন্দর পরিকাঠামোর সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে।
ডাক পরিষেবা প্রকল্পের মেয়াদ বৃদ্ধি: ষোড়শ অর্থ কমিশন চক্রের (২০২৬-২৭ অর্থবর্ষ থেকে ২০৩০-৩১ অর্থবর্ষ) জন্য ‘পোস্টাল অপারেশনস স্কিম’ চালু রাখার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই প্রকল্পের জন্য মোট ১,১৪১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা দেশের ডাক পরিষেবার আধুনিকীকরণ ও গ্রামীণ স্তরে পরিষেবা পৌঁছে দিতে সহায়ক হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয় এদিন। সেই বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্তগুলি জানান কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

