হাজারিবাগ, ২৫ নভেম্বর : ঝাড়খন্ডের হাজারিবাগে উপকার হোটেলে বিয়ের অনুষ্ঠান চলাকালীন চলল গুলি; মৃত্যু হলো এক ব্যক্তির, গুরুতরভাবে আহত হলো আরও একজন । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত মৃত ও আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। মঙ্গলবার রাত ১০টা ৩০ মিনিট নাগাদ হোটেলে বিয়ের অনুষ্ঠানের পাশাপাশি সঙ্গীতানুষ্ঠান চলছিল। সেই সময় বরপক্ষ এবং কনেপক্ষের মধ্যে কোনও একটি বিষয় নিয়ে বচসা শুরু হয়।
দেখতে দেখতে বিবাদ চরমে পৌঁছালে গুলি চলতে শুরু করে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের, গুরুতরভাবে আরও একজন আহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

