বারাবনি, ২৫ নভেম্বর : সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে চলার জন্য প্রতিনিয়ত সচেতন করা হয়। হেলমেট ছাড়া মোটরবাইক চালালে জরিমানার মুখেও পড়তে হয় চালককে। অথচ সেই ট্রাফিক আইন মানার ক্ষেত্রেই এবার প্রশ্নের মুখে পড়লেন বারাবনির বিধায়ক অরিজিৎ রায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর চর্চা।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বিধায়ক অরিজিৎ রায় হেলমেট ছাড়াই মোটরবাইক চালাচ্ছেন। তাঁর পিছনের আসনে এক মহিলাকেও বসে থাকতে দেখা গিয়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই জনপ্রতিনিধির ট্রাফিক আইন মেনে চলার দায়িত্ববোধ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।
সাধারণ মানুষের ক্ষেত্রে হেলমেট ছাড়া মোটরবাইক চালানো আইনত দণ্ডনীয়। এই নিয়ম লঙ্ঘন করলে ট্রাফিক পুলিশের জরিমানা করার বিধান রয়েছে। সেক্ষেত্রে জনপ্রতিনিধিদের জন্যও কি একই আইন প্রযোজ্য নয়, উঠছে সেই প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন। তাঁদের বক্তব্য, জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের কাছে দৃষ্টান্ত স্থাপন করবেন, সেটাই প্রত্যাশিত। আইন যদি সকলের জন্য সমান হয়, তাহলে জনপ্রতিনিধিদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হওয়া উচিত নয়। ভাইরাল ভিডিও ঘিরে এই বিতর্কই এখন আলোচনার কেন্দ্রে।

