পশ্চিম মেদিনীপুর, ২৫ নভেম্বর : পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন এলাকায় গরু পাচারের ছক বানচাল করে আটটি গবাদি পশু উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সকালে দাঁতন-২ ব্লকের সাবড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে। পাচারের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও বাজেয়াপ্ত করেছে পুলিশ।প্রাপ্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে একটি পিকআপ ভ্যানে আটটি গরু বোঝাই করে সাবড়া এলাকা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় বেলদা থানার অন্তর্গত জোড়াগেড়িয়া পুলিশ ফাঁড়ির একটি টহলদারি ভ্যানের নজরে পড়ে সন্দেহজনক গাড়িটি। পুলিশ গাড়িটিকে থামানোর সংকেত দিলে চালক পিকআপ ভ্যানটি রাস্তায় ফেলে রেখেই ঘটনাস্থল থেকে চম্পট দেয়। এরপর পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে আটটি গরু উদ্ধার করে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর উদ্ধার হওয়া গবাদি পশুগুলিকে নিকটবর্তী গোশালায় পাঠানোর ব্যবস্থা করা হবে। পলাতক চালকের খোঁজে এবং এই পাচার চক্রের নেপথ্যে কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

