iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

ইন্টার্ন চিকিৎসকদের শোকজ নোটিশ ঘিরে রণক্ষেত্র কলকাতা মেডিকেল কলেজ: অধ্যক্ষকে ঘেরাও

কলকাতা, ১৯ নভেম্বর  : চোরবাগান পুজো মণ্ডপে পদপিষ্টের ঘটনার পর আটজন ইন্টার্ন চিকিৎসককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়াকে কেন্দ্র করে বুধবার রাতে তীব্র উত্তেজনা ছড়াল কলকাতা মেডিকেল কলেজ ক্যাম্পাসে। নোটিশ প্রত্যাহারের দাবিতে মেডিকেল পড়ুয়াদের একাংশ অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাসকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করলে ক্যাম্পাসে বহিরাগতদের অনুপ্রবেশ ও হামলার অভিযোগ ওঠে। আন্দোলনরত মেডিকেল পড়ুয়াদের হেনস্থা ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) এবং ন্যাশনাল মেডিকোস অর্গানাইজেশনের (এনএমও) সমর্থকদের বিরুদ্ধে। যদিও উভয় সংগঠনই হামলা ও ভাঙচুরের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।
এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর ২টো থেকে হাসপাতাল চত্বরে এক বৃহৎ বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, কোনও রাজনৈতিক ব্যানার ছাড়াই সমস্ত সংগঠন এই বিক্ষোভে যোগ দিতে পারবে এবং এরপর কলেজ স্ট্রিট পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলও বের করা হতে পারে।
প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারী পড়ুয়াদের দাবি, বুধবার রাতে ‘মেডিকেল স্টুডেন্টস কাউন্সিল’-এর নেতৃত্বে ইন্টার্ন চিকিৎসকরা যখন অধ্যক্ষের ঘরের বাইরে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাচ্ছিলেন, তখন হঠাৎই বহিরাগত বেশ কয়েকজন ক্যাম্পাসে ঢুকে পড়ে। অভিযোগ, এই দলে এবিভিপি-র রাজ্য সম্পাদক নীলকান্ত ভট্টাচার্যও ছিলেন। ঘটনার ভিডিও করতে গেলে দুই পক্ষের মধ্যে বচসা ও হাতাহাতি শুরু হয়। মেডিকেল স্টুডেন্টস কাউন্সিলের এক ছাত্রের অভিযোগ, বহিরাগতরা আচমকা তাঁদের অবস্থানে ঢুকে এক প্রবীণ ছাত্রকে মারধরের চেষ্টা করে এবং ভিডিও করতে গেলে মোবাইল ছিনিয়ে নিয়ে তাঁকে লাঞ্ছিত করা হয়।
অভিযোগ আরও, এর কিছুক্ষণের মধ্যেই নিজেদের এবিভিপি সমর্থক পরিচয় দিয়ে প্রায় একশো জন লোক সেখানে জড়ো হয়। তারা অধ্যক্ষের ঘরের বাইরের লোহার গেটের তালা বাঁশ দিয়ে ভাঙার চেষ্টা করে এবং করিডোরের কাচ ভেঙে দেয়। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং পুলিশের অনুরোধে এনএমও-র সমর্থকরা অধ্যক্ষের দপ্তরের সামনে থেকে সরে যায়। উল্লেখ্য, বুধবার বাম ছাত্র সংগঠন এবং এবিভিপি-র সংঘর্ষকে কেন্দ্র করে সারাদিনই কলেজ স্ট্রিট চত্বর উত্তপ্ত ছিল; সেখান থেকেই এবিভিপি সমর্থকদের একটি বড় দল মেডিকেল কলেজে ঢুকে পড়ে বলে অভিযোগ।
যদিও পাল্টা অভিযোগ তুলে এবিভিপি নেতা নীলকান্ত ভট্টাচার্য দাবি করেন, বামপন্থীরা সকাল থেকেই কলেজ স্ট্রিটে অশান্তি পাকিয়েছিল এবং পরে মেডিকেল কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে। সেই খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেলে তাঁকেই আক্রমণ করা হয় এবং অশালীন মন্তব্য করা হয়। অন্যদিকে, এনএমও-র দক্ষিণবঙ্গ রাজ্য সভাপতি ডাঃ রুদ্রনীল নন্দী জানান, মেডিকেল কলেজে কোনও ভাঙচুরের ঘটনা ঘটেনি। ঘেরাও-কে একটি ‘অস্বাস্থ্যকর সংস্কৃতি’ বলে উল্লেখ করে তিনি জানান, তাঁরা এটি সমর্থন করেন না এবং পুলিশের নির্দেশমতোই সেখান থেকে সরে এসেছেন। বহিরাগতদের পরিচয়ের বিষয়টিও তিনি অস্বীকার করেছেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় রাতেই পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাস ছাড়েন অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস। তাঁর সঙ্গে ছিলেন হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট তথা ভাইস-প্রিন্সিপাল (এমএসভিপি) ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। এমএসভিপি জানান, যেভাবে ক্যাম্পাসে ইট ছোঁড়া হয়েছে তাতে সকলেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন; অধ্যক্ষের তরফে এই ঘটনার বিষয়ে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হবে এবং এর নেপথ্যে কারা রয়েছে তা পুলিশের তদন্ত করে দেখা উচিত।
প্রসঙ্গত, দুর্গাপুজোর সপ্তমীর দিন চোরবাগানের একটি পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় আহতদের কলকাতা মেডিকেল কলেজে স্থানান্তরিত করার পাশাপাশি স্বভূমির কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রশাসনের এই সিদ্ধান্তের সমালোচনা করে জুনিয়র চিকিৎসকরা হাসপাতাল চত্বরে এক সাংবাদিক সম্মেলন করে প্রশ্ন তুলেছিলেন, সরকারি স্বাস্থ্য পরিকাঠামোর শীর্ষ প্রতিষ্ঠান মেডিকেল কলেজ থাকা সত্ত্বেও কেন রোগীদের বেসরকারি হাসপাতালে পাঠানো হচ্ছে? পাশাপাশি, সেদিন রক্তক্ষরণ রোধকারী ওষুধ ‘ট্রানেক্সামিক অ্যাসিড’-এর অমিল থাকার অভিযোগও তুলেছিলেন তাঁরা।
এরপরই প্রশাসনের নির্দেশে তদন্ত সাপেক্ষে বুধবার কলেজ কর্তৃপক্ষ আটজন ইন্টার্ন চিকিৎসককে শোকজ নোটিশ পাঠায়। নোটিশে জাতীয় চিকিৎসা কমিশনের নিয়ম উল্লেখ করে জানানো হয়, কর্তব্যরত অবস্থায় সংবাদমাধ্যমের কাছে বিবৃতি দেওয়া যায় না এবং ওষুধের ঘাটতির দাবিও ভিত্তিহীন। জুনিয়র ডাক্তারদের দাবি, বুধবার কলেজ কাউন্সিলের বৈঠকে ওষুধের ঘাটতির বিষয়টি প্রমাণিত হওয়ার পর কর্তৃপক্ষ নোটিশ প্রত্যাহারে রাজি হয়েছিল, কিন্তু পরবর্তীতে অধ্যক্ষ সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসায় রাতে অধ্যক্ষ ও বিভাগীয় প্রধানদের ঘেরাও শুরু হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *