iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

আগরতলা পুর নিগমের ৫১টি ওয়ার্ডে জয়ের দাবি বিজেপির, ভোট চুরির ষড়যন্ত্রের অভিযোগ আশীষ সাহার

আগরতলা, ১৮ নভেম্বর : আবারও আগরতলা পুর নিগমের ৫১টি ওয়ার্ডে জয়ের দাবি তুলে ভোট চুরির ষড়যন্ত্র করছে শাসক দল বিজেপি। এমনই অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। বুধবার আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সিদ্ধার্থ দাসের সমর্থনে বাড়ি বাড়ি নির্বাচনী প্রচারে বেরিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হন তিনি। একই সঙ্গে বর্তমান পুর নিগমের নাগরিক পরিষেবা নিয়েও তীব্র সমালোচনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

আসন্ন নগর নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে অভিযোগ ও পাল্টা অভিযোগের পালা ক্রমশ জোরালো হচ্ছে। বুধবার ৩৯ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী সিদ্ধার্থ দাসের সমর্থনে প্রচারে অংশ নিয়ে আশীষ কুমার সাহা বলেন, নির্বাচনী প্রচারে সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। তাঁর অভিযোগ, গত পাঁচ বছরে ৩৯ নম্বর ওয়ার্ডের বর্তমান কর্পোরেটর এলাকার নাগরিক পরিষেবা ও মানুষের সমস্যার সমাধানে প্রত্যাশিত উদ্যোগ গ্রহণ করেননি। নিজের স্বার্থ নিয়েই তিনি ব্যস্ত থেকেছেন বলে দাবি করেন আশীষ কুমার সাহা। বর্তমান আগরতলা পুর নিগমকে জনপরিষেবা প্রদানে ব্যর্থ বলেও আখ্যায়িত করেন তিনি।

প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য, নাগরিকরা এবার পরিবর্তন চাইছেন। কিন্তু সেই পরিবর্তনকে প্রতিহত করতে শাসক দল ভোট লুটের পরিকল্পনা করছে বলে অভিযোগ তাঁর। এই পরিস্থিতিতে কংগ্রেসের প্রধান চ্যালেঞ্জ হবে ভোটারদের নিরাপদে ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া এবং তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে সহযোগিতা করা। ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বানও জানান তিনি।

৩৯ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সিদ্ধার্থ দাস সম্পর্কে আশীষ কুমার সাহা বলেন, তিনি এলাকার একজন বিশ্বস্ত ও নিবেদিতপ্রাণ কংগ্রেস কর্মী। একসময় যুব কংগ্রেসের লড়াকু কর্মী হিসেবে সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বর্তমানে ৮ টাউন বড়দোয়ালী ব্লক কংগ্রেসের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন তিনি। এলাকার মানুষের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ রয়েছে বলেও দাবি করেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

এদিন মুখ্যমন্ত্রী তথা শাসক দলের নেতৃত্বকে নিশানা করে আশীষ কুমার সাহা বলেন, আজ মুখ্যমন্ত্রীকেও বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হচ্ছে। অথচ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বর্তমান পুর নিগমের প্রতিনিধিরা মানুষের ভোটের উপর যথাযথ আস্থা রাখছেন না বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, ২০২১ সালের আগরতলা পুর নিগম নির্বাচনে ছাপ্পা ভোটের মাধ্যমে বিজেপি ৫১টি আসনেই জয়লাভ করেছিল। এমনকি মুখ্যমন্ত্রীকেও ছাপ্পা ভোটের মাধ্যমে জয়ী হতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আশীষ কুমার সাহার আরও অভিযোগ, এবারও শাসক দলের নেতারা ৫১টি আসনে জয়ের দাবি তুলে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছেন। রাজ্য নির্বাচন কমিশন ও আরক্ষা প্রশাসনকে নিষ্ক্রিয় রেখে ভোট লুটের পরিকল্পনা করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি। তবে কংগ্রেস কর্মীরা ভোটারদের পাশে থেকে তাঁদের ভোটাধিকার সুনিশ্চিত করতে মাঠে থাকবেন বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি।

এদিকে, বুধবার আগরতলা পুর নিগমের ২৩ নম্বর ওয়ার্ডেও কংগ্রেসের নির্বাচনী প্রচারে সক্রিয়তা দেখা যায়। ওই ওয়ার্ডের কংগ্রেস মনোনীত প্রার্থী স্মৃতিকণা ঘোষ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালান। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের অভাব-অভিযোগ ও এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন তিনি। পাশাপাশি আসন্ন নির্বাচনে কংগ্রেসের পক্ষে সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

নগর নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বিভিন্ন ওয়ার্ডে রাজনৈতিক দলগুলির প্রচার এবং পরস্পরের বিরুদ্ধে অভিযোগের মাত্রা বাড়ছে। নাগরিক পরিষেবা, উন্নয়ন, ভোটের নিরাপত্তা এবং গণতান্ত্রিক অধিকার—এই বিষয়গুলিকে সামনে রেখেই ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *