আগরতলা, ১৭ নভেম্বর : সরকার ও পুর নিগমে পরিবর্তন আনতে ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন সাধারণ ভোটাররা। শহরের বর্তমান নাগরিক পরিষেবা এবং বিভিন্ন সমস্যা নিয়ে মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। আসন্ন পুর ও নগর নির্বাচনে সেই ক্ষোভের প্রতিফলন ঘটবে বলে দাবি করলেন আগরতলা পুর নিগমের ২৪ নম্বর ওয়ার্ডের কংগ্রেস মনোনীত প্রার্থী প্রসেনজিৎ সিনহা।
মঙ্গলবার ২৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন তিনি। ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের অভাব-অভিযোগ ও নাগরিক সমস্যার কথা শোনেন। পাশাপাশি বর্তমান পুর নিগমের পরিষেবা এবং শহরের সার্বিক উন্নয়নের বাস্তব চিত্র তুলে ধরে ভোটারদের কাছে পরিবর্তনের আবেদন জানান কংগ্রেস প্রার্থী।
প্রচার চলাকালীন শহরের দৈনন্দিন নাগরিক সমস্যাগুলিকেই বিশেষভাবে গুরুত্ব দেন প্রসেনজিৎ সিনহা। তাঁর প্রচারের অন্যতম বিষয় হয়ে উঠেছে মশার উপদ্রব, অবৈজ্ঞানিক পদ্ধতিতে নর্দমা নির্মাণ, আবর্জনা পরিষ্কারের ক্ষেত্রে অব্যবস্থাপনা এবং নাগরিক পরিষেবার বিভিন্ন দুর্বলতা। এর পাশাপাশি বিদ্যুতের বিল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির বিষয়টিও সাধারণ মানুষের সামনে তুলে ধরছেন তিনি। তাঁর বক্তব্য, একদিকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ দিশেহারা, অন্যদিকে শহরের মৌলিক নাগরিক পরিষেবার ক্ষেত্রেও প্রত্যাশিত উন্নতি হয়নি।
এদিন নির্বাচনী প্রচারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রসেনজিৎ সিনহা জানান, ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে কথা বলে তিনি বুঝতে পেরেছেন, নাগরিক সমস্যাগুলি নিয়ে নির্বাচকমণ্ডলীর মধ্যে যথেষ্ট ক্ষোভ রয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হলেও তার স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ করছেন সাধারণ ভোটাররা। এই পরিস্থিতিতে মানুষ পরিবর্তনের পক্ষে নিজেদের মতামত প্রকাশ করতে প্রস্তুত বলেও দাবি করেন তিনি।
কংগ্রেস প্রার্থীর দৃঢ় বিশ্বাস, এবারের নগর নির্বাচনে ভোটাররা তাঁদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাবেন। শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, শহরের নাগরিক পরিষেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার সমাধানই ভোটারদের কাছে প্রধান বিবেচ্য বিষয় হয়ে উঠবে বলে মনে করছেন তিনি। বাড়ি বাড়ি প্রচারে মানুষের সাড়া তাঁকে জয়ের ব্যাপারে আশাবাদী করে তুলেছে বলেও জানান ২৪ নম্বর ওয়ার্ডের কংগ্রেস মনোনীত প্রার্থী প্রসেনজিৎ সিনহা।

