কলকাতা, ১৭ নভেম্বর : পর্যটকদের পরিষেবা আরও সহজ, দ্রুত এবং আধুনিক করে তুলতে পশ্চিমবঙ্গ পর্যটন দফতর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলো নবরূপে সাজানো অনলাইন বুকিং পোর্টাল। মঙ্গলবার সল্টলেকের ‘উদয়াচল ট্যুরিজম প্রপার্টি’-তে আয়োজন করা হয় এই বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানের । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন দফতরের মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দফতরের সচিব সৌমিত্র শঙ্কর সেনগুপ্ত প্রমুখ। পোর্টাল উদ্বোধনের পাশাপাশি পোর্টাল সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ রাখা হয় এদিনের অনুষ্ঠানে।
পর্যটনমন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ বলেন, আপাতত পশ্চিমবঙ্গ সরকারের অনলাইন বুকিং পোর্টালের অধীনে রয়েছে ৪০টি ট্যুরিস্ট লজের ৮১৪টি রুম। প্রতিটি ট্যুরিস্ট লজ সহজে বুক করার পাশাপাশি পর্যটকরা যেন পর্যটন সংক্রান্ত যাবতীয় তথ্য সহজেই জানতে পারে , সেই উদ্দেশ্যেই পর্যটন দফতরের তরফ থেকে নবরূপে সাজানো হয়েছে এই পোর্টাল। তিনি আরও বলেন, বিগত কয়েক বছর যাবৎ পর্যটকরা অনলাইন বুকিং পোর্টালের সহজলভ্যতা না থাকার কারণে বিকল্প পন্থা গ্রহণে বাধ্য হয়েছে। ফলত রাজ্যের একাধিক টুরিস্ট লজের রুম পর্যটক–শূন্য থেকে গেছে বছরের পর বছর। তাই এবছর নতুনভাবে বিভিন্ন ধাপে সাজানো হলো অনলাইন পোর্টালটি।
পোর্টালটিতে প্রাথমিকভাবে ৪০টি ট্যুরিস্ট লজের রুমের ছবি সহ লজের চারপাশের অংশের ছবি ও ভিডিও যুক্ত করা হয়েছে, যা পর্যটকদের লজ ও তার পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে প্রাথমিক ধারণা দেবে। পোর্টালে রাখা হবে পর্যটকদের মতামত প্রদানের অংশ, যার মাধ্যমে পর্যটকরা সরাসরি তাদের নিজস্ব অভিজ্ঞতা ভাগ করে নিতে পারে। পরবর্তীকালে পোর্টালে পর্যটন কেন্দ্রগুলির সঙ্গে সেই পর্যটন কেন্দ্রের দ্রষ্টব্য স্থান ও জনপ্রিয় খাদ্যতালিকা যুক্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। পর্যটকদের পাশাপাশি ট্যুর অপারেটর এবং গাইডদের জন্যও চালু করা হবে আরও একটি নতুন পোর্টাল এবং অ্যাপ। যার মাধ্যমে নতুন টুরিস্ট লজ মালিক থেকে শুরু করে ট্যুর গাইডরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবে। পর্যটন কেন্দ্রের নেপথ্যে থাকা গল্পকে তুলে ধরতে রাজ্যের পর্যটন বিভাগের সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্পদ্যোগ বিভাগের যৌথ কার্যক্রমের প্রসঙ্গ উঠে আসে এদিন। এছাড়াও তীর্থযাত্রার ক্ষেত্রে প্যাকেজ চালু করা, বেঙ্গল সাফারির টিকিটের অনলাইন ও ম্যানুয়াল বুকিং, বেশ কিছু বেসরকারি রেস্টুরেন্ট মালিকদের সঙ্গে যৌথ উদ্যোগ গ্রহণের মতো একগুচ্ছ নতুন পরিকল্পনার রূপরেখা উঠে আসে তাঁর বক্তব্যে। পশ্চিমবঙ্গকে ভারতের অন্যতম সেরা পর্যটনকেন্দ্রে উন্নীত করতে ভবিষ্যতেও আরও একগুচ্ছ উদ্যোগ নেওয়ার বার্তা দিয়েছেন মন্ত্রী।

