হুগলি, ১৭ নভেম্বর : প্রথমে পুরশুড়ায় ‘ক্ষেত বাঁচাও অভিযান’, এরপর আরামবাগের মায়াপুরে ক্ষুদ্র ও প্রান্তিক আলুচাষিদের হাতে বিনামূল্যে আলুবীজ বিতরণ—সোমবার হুগলি জেলায় কৃষকদের স্বার্থে একাধিক কর্মসূচিতে অংশ নিলেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল।
এদিন প্রথমে পুরশুড়ায় আয়োজিত ‘ক্ষেত বাঁচাও অভিযান’ কর্মসূচিতে যোগ দিয়ে প্রাকৃতিক ও জৈব চাষের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, অতিরিক্ত মাত্রায় রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে জমির স্বাভাবিক উর্বরতা এবং গুণগত মান দ্রুত নষ্ট হচ্ছে। একই সঙ্গে বিষাক্ত রাসায়নিক মিশ্রিত খাদ্যের মাধ্যমে মানবদেহে নানা জটিল রোগ ছড়ানোর আশঙ্কা বাড়ছে এবং চাষিরাও অসুস্থ হয়ে পড়ছেন। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে প্রাচীন ঋষি পরম্পরার প্রাকৃতিক কৃষিপদ্ধতি বা ‘ন্যাচারাল ফার্মিং’ অনুসরণ করে জৈব চাষের মাধ্যমে সুস্থ ও গুণগত মানসম্পন্ন ফসল উৎপাদনের আহ্বান জানান তিনি।
পুরশুড়ার কর্মসূচি শেষ করে আরামবাগের মায়াপুরে বিনামূল্যে আলুবীজ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন কৃষিমন্ত্রী। সেখানে পুরশুড়া ও আরামবাগ বিধানসভা এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক আলুচাষিদের হাতে মাথাপিছু দুই বস্তা অর্থাৎ এক কুইন্টাল করে সার্টিফায়েড উন্নত মানের আলুবীজ তুলে দেওয়া হয়। পাঞ্জাব থেকে এই উন্নত মানের বীজ নিয়ে আসা হয়েছে। উল্লেখ্য, রাজ্যের মোট ১৫টি জেলার ১৭৮টি ব্লকে প্রান্তিক ও দরিদ্র কৃষকদের মধ্যে বিনামূল্যে আলুবীজ বিতরণের উদ্যোগ নিয়েছে কৃষি দপ্তর এবং রাজ্যে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হলো আরামবাগের মায়াপুর থেকেই।
কৃষকদের সরকারি সহায়তার প্রসঙ্গ তুলে ধরে দুধকুমার মণ্ডল জানান, কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ সহযোগিতায় কৃষকদের কাছে নানা সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে। ‘ফার্ম মেকানাইজেশন’ বা কৃষি যান্ত্রিকীকরণ খাতে গত অর্থবর্ষের তুলনায় চলতি বছরে দ্বিগুণ অর্থ বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি, কৃষি যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে কৃষকদের সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ভর্তুকি দেওয়ার ব্যবস্থা রয়েছে।
এছাড়া, রাসায়নিক সারের কালোবাজারি এবং অতিরিক্ত দাম নেওয়া প্রসঙ্গেও এদিন কড়া বার্তা দেন কৃষিমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, বাজারে সারের কোনো ঘাটতি নেই। রবি মরসুমে কৃষকরা যাতে পর্যাপ্ত পরিমাণে সার পান এবং নির্ধারিত এমআরপি দরেই সার কিনতে পারেন, তা নিশ্চিত করতে সরকার পদক্ষেপ করছে। সারের কালোবাজারি বা চড়া দাম নেওয়ার অভিযোগ উঠলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
আলুচাষিদের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে আন্তঃরাজ্য আলু ব্যবসার সুযোগ বাড়ানোর কথাও এদিন উল্লেখ করেন মন্ত্রী। তাঁর বক্তব্য, রাজ্যের বাইরে আলু পাঠানোর সুযোগ তৈরি হওয়ায় বর্তমানে আলুর বাজারদর কিছুটা বেড়েছে, যা চাষিদের আর্থিকভাবে লাভবান করবে।
সরকারের এই উদ্যোগে স্বভাবতই খুশি আরামবাগের মায়াপুরে বিনামূল্যে আলুবীজ পাওয়া কৃষকরা। তবে একদিকে উন্নত মানের বীজ বিনামূল্যে পেয়ে তাঁরা যেমন ভালো ফলনের আশা দেখছেন, অন্যদিকে খোলা বাজারে রাসায়নিক সারের মূল্যবৃদ্ধি নিয়ে কৃষকদের একাংশের মধ্যে এখনও ক্ষোভ ও উদ্বেগ রয়ে গিয়েছে।

