দুর্গাপুর, ১৭ নভেম্বর : ছটপুজোর আনন্দ মুহূর্তের মধ্যে বিষাদে বদল হলো পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে। সোমবার সকালে ছটঘাটে স্নান সেরে ওঠার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক প্রৌঢ় পুণ্যার্থীর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বরের গাইঘাট ছটঘাটে। এই আকস্মিক দুর্ঘটনায় সমগ্র এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম বিনোদ নুনিয়া (৫৫)। তিনি পাণ্ডবেশ্বরের গাইঘাটা এলাকারই বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালে উদীয়মান সূর্যকে অর্ঘ্য দেওয়ার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছিল সর্বত্র। পাণ্ডবেশ্বরের গাইঘাট ছটঘাটেও হাজার হাজার পুণ্যার্থীর ভিড় জমেছিল। ছটপুজোয় অংশ নিয়েছিলেন বিনোদ নুনিয়াও। কিন্তু আরাধনার এই পবিত্র মুহূর্তে ঘটে যায় এক মর্মান্তিক বিপত্তি। স্নান সেরে সূর্যদেবকে প্রণাম করে ঘাট থেকে ওপরে ওঠার সময় হঠাৎই তাঁর পা পিছলে যায়। সেই সময় নিজেকে সামলানোর জন্য তিনি পাশে থাকা একটি বাঁশের ব্যারিকেড ধরে ফেলেন। কিন্তু দুর্ভাগ্যবশত, ওই বাঁশের সঙ্গেই একটি কাটা বৈদ্যুতিক তার জড়িয়ে ছিল এবং সেই তারে বিদ্যুৎ সংযোগ থাকায় তিনি সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন।
ঘটনার পরই তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। চোখের সামনে এমন ভয়াবহ কাণ্ড ঘটতে দেখে ছটঘাটে উপস্থিত পুণ্যার্থীদের মধ্যে তীব্র চাঞ্চল্য ও হুড়োহুড়ি পড়ে যায়। দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ও প্রশাসনের একটি বিশাল বাহিনী তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে। উৎসবের দিনে এমন একটি প্রাণহানির ঘটনায় শোকস্তব্ধ স্থানীয় বাসিন্দারা।

