iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

হাফলঙে জাতীয় প্রেস দিবস পালন, দায়িত্বশীল সাংবাদিকতার উপর বিশেষ গুরুত্ব

হাফলং (অসম), ১৭ নভেম্বর : সারা দেশের সঙ্গে পাহাড়ি ডিমা হাসাও জেলার সদর শহর হাফলঙেও সোমবার তথ্য ও জনসংযোগ বিভাগের উদ্যোগে পালিত হল জাতীয় প্রেস দিবস। সাংবাদিকতার দায়িত্ববোধ, নিরপেক্ষতা, পেশাগত নৈতিকতা এবং গণতান্ত্রিক ব্যবস্থায় সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই এই দিবস পালন করা হয়।

এ উপলক্ষে হাফলঙের দিবরাই এস আর থাউসেন সংবাদমাধ্যম কেন্দ্রে অবস্থিত তথ্য ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত সঞ্চালকালয়ের কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও জনসংযোগ বিভাগের উপ-সঞ্চালক পূরবী ফংলো, জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিক রিজিত নুনিশা এবং হাফলং প্রেস ক্লাবের সভাপতি এল কে হেংনাক-সহ বিশিষ্ট ব্যক্তিরা। এ ছাড়াও হাফলং প্রেস ক্লাবের সদস্যদের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তের সাংবাদিক ও সংবাদকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, এ বছরের জাতীয় প্রেস দিবসের মূল আলোচ্য বিষয় ছিল— ‘সাংবাদিকতা: জনপ্রিয়তা অর্জন, নাকি দায়িত্বশীলতা?’ এই বিষয়ের মধ্য দিয়ে বর্তমান সময়ে সাংবাদিকতার প্রকৃত উদ্দেশ্য, জনপ্রিয়তা অর্জনের প্রবণতা এবং সমাজের প্রতি সংবাদমাধ্যমের দায়িত্ববোধের মধ্যে থাকা পার্থক্যের বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বিভাগীয় আধিকারিকদের পাশাপাশি উপস্থিত সাংবাদিকদের মধ্যে বিপ্লব দেব সামসুল আলম সহ সংবাদকর্মীরা সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন। বিশেষ করে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখা, তথ্যের সত্যতা যাচাই করা, জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়া এবং সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ণ রাখার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করা হয়।

বক্তারা বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সংবাদমাধ্যম কেবল সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, বরং এটি সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি সরকার ও প্রশাসনের কাজকর্মের উপর নজর রাখা এবং জনস্বার্থের বিভিন্ন বিষয় জনসমক্ষে তুলে ধরার ক্ষেত্রেও সংবাদমাধ্যমের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই সাময়িক জনপ্রিয়তা কিংবা চাঞ্চল্য সৃষ্টির পরিবর্তে সত্যনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতাকে অগ্রাধিকার দেওয়া সময়ের দাবি।

বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক প্রসারের বর্তমান সময়ে ভুয়ো খবর, অপতথ্য এবং অসম্পূর্ণ তথ্যের প্রচার সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতার সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে সংবাদ প্রকাশের আগে প্রতিটি তথ্যের সত্যতা যাচাই করা এবং সাংবাদিকতার পেশাগত নৈতিকতা বজায় রাখার উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে অনুষ্ঠানে অভিমত প্রকাশ করা হয়।

জাতীয় প্রেস দিবসের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে হাফলঙের সাংবাদিক মহলেও দায়িত্বশীল, তথ্যনিষ্ঠ ও জনমুখী সাংবাদিকতার প্রাসঙ্গিকতা নতুন করে উঠে আসে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *