আগরতলা, ৯ মে : পশ্চিম ত্রিপুরা জেলার জিরানিয়া মহকুমায় রাজনৈতিক সন্ত্রাস ও বিরোধী কর্মী-সমর্থকদের উপর হামলার ঘটনা বন্ধে রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক সুশান্ত চৌধুরীকে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী দলনেতা তথা রাজ্য সিপিআই(এম)-এর সম্পাদক জীতেন্দ্র চৌধুরী। শনিবার জিরানিয়ায় সিআইটিইউ রাজ্য কমিটির সদস্য ও বাম নেতা তপন দাসের বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
উল্লেখ্য, সম্প্রতি গভীর রাতে জিরানিয়াস্থিত তপন দাসের বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালায়। অভিযোগ, হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর করে ব্যাপক তছনছ চালায়। ঘটনায় এলাকায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
শনিবার ক্ষতিগ্রস্ত তপন দাসের বাড়িতে যান বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী। তিনি বিধ্বস্ত বাড়িঘর ঘুরে দেখেন এবং তপন দাসের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। বিশেষ করে তপন দাসের বৃদ্ধা মায়ের সঙ্গে কথা বলে তাঁর খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।
পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জীতেদ্র চৌধুরী বলেন, এ ধরনের হামলা গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী এবং অত্যন্ত নিন্দনীয়। তিনি জানান, ঘটনার পর এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী নিজেও তপন দাসের বাড়িতে গিয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে আশ্বাস দিয়েছেন।
এই প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, “মন্ত্রী সুশান্ত চৌধুরী যদি তাঁর দেওয়া আশ্বাস অনুযায়ী কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন, তাহলে জিরানিয়ার সাধারণ মানুষ উপকৃত হবেন। রাজনৈতিক সন্ত্রাস বন্ধে তিনি ইচ্ছা করলেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। আমরা বিশ্বাস করি, তিনি এ ক্ষেত্রে সফল হবেন।”
জীতেন্দ্র চৌধুরী আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর হামলা ও সন্ত্রাস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণতন্ত্রে সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা সকলের দায়িত্ব।
এদিন বিরোধী দলনেতার সঙ্গে ছিলেন রাজ্য সিআইটিইউ-এর সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। তিনিও এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানান।

