কলকাতা, ১২ নভেম্বর : মহিলা আরপিএফ কর্মীদের কল্যাণ ও ক্ষমতায়নে বিশেষ উদ্যোগ পূর্ব রেলে কর্তৃপক্ষের। উল্লেখ্য, বোলপুর, রামপুরহাট ও পাকুড়ে নবনির্মিত তিনটি মহিলা ট্রেন এসকর্ট ব্যারাকের উদ্বোধন করলেন পূর্ব রেলের আইজি তথা প্রিন্সিপাল চিফ সিকিউরিটি কমিশনার এ এন সিনহা। উপস্থিত ছিলেন হাওড়া ডিভিশনের আধিকারিকরা।প্রতিটি ব্যারাক নির্মাণে খরচ হয়েছে প্রায় ৪৫ লক্ষ টাকা। দু’টি ঘর, সংযোগকারী করিডর, খাট, পড়ার টেবিল, চেয়ার ও আলমারির ব্যবস্থা রয়েছে সেখানে। বোলপুর ও রামপুরহাটের ব্যারাকে ১০ জন এবং পাকুড়ের ব্যারাকে ১৫ জনের থাকার ব্যবস্থা করা হয়েছে।
পূর্ব রেলের দাবি, গত পাঁচ বছরে হাওড়া ডিভিশনে মহিলা আরপিএফ কর্মীর সংখ্যা ৯ শতাংশ বেড়েছে। এই পরিকাঠামো তাঁদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি কাজের প্রস্তুতি ও মনোবল বাড়াবে। এদিন সুরক্ষা সম্মেলনে কৃতী আরপিএফ কর্মীদের প্রশংসাপত্র ও দেওয়া হয়েছে।

