কলকাতা, ১২ নভেম্বর : ডিজিটাল লাইফ সার্টিফিকেট (ডিএলসি) জমা দেওয়ার প্রক্রিয়া সহজ করতে পেনশনভোগীদের পাশে দাঁড়াল পূর্ব রেল। দেশজুড়ে ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলা ডিজিটাল লাইফ সার্টিফিকেট ক্যাম্পেইন ৫.০-এর আওতায় পূর্ব রেলের সদর দফতর-সহ চারটি ডিভিশন এবং তিনটি ওয়ার্কশপে বিশেষ হেল্পলাইন সেন্টার চালু করা হয়েছে। এই উদ্যোগে ১০ নভেম্বর পর্যন্ত মোট ২৮৯৭ জন রেল পেনশনভোগী সফলভাবে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দিয়েছেন।
পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডের নির্দেশনায় হাওড়া, শিয়ালদহ, আসানসোল ও মালদা ডিভিশনের পাশাপাশি কাঁচরাপাড়া, লিলুয়া ও জামালপুর ওয়ার্কশপে এই সহায়তা কেন্দ্রগুলি চালু রয়েছে। ১০ নভেম্বর একদিনেই এই কেন্দ্রগুলির মাধ্যমে ৩২১ জন পেনশনভোগী ডিএলসি জমা দিয়েছেন। তাঁদের হাতে-কলমে প্রয়োজনীয় সহযোগিতা করেছেন রেলকর্মীরা।
বিশেষ উদ্যোগ হিসেবে ৮০ বছর বা তার বেশি বয়সি এবং কেন্দ্রে আসতে অক্ষম পেনশনভোগীদের বাড়িতেও সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, পেনশনভোগীদের জন্য সহজলভ্য ও দ্রুত সহায়তা পরিষেবা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রযুক্তিগত সমস্যার কারণে যাতে কেউ জীবন শংসাপত্র জমা দিতে সমস্যায় না পড়েন, সেদিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।

